মোহাম্মদ আশরাফুল, বিসিবি
মোহাম্মদ আশরাফুল। ফাইল ছবি

জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্বে আর থাকছেন না মোহাম্মদ আশরাফুল। গতরাতে হঠাৎ তাকে সরিয়ে দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে জাতীয় দল ছাড়লেও বিসিবি’র সাথেই থাকছেন তিনি। বোর্ডের সাথে তার চুক্তি এখনো বহাল আছে। 

Advertisement

বিসিবির দায়িত্বশীল সূত্র জানিয়েছে, আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত আশরাফুলের সাথে বোর্ডের চুক্তি বহাল রয়েছে। ফলে জাতীয় দলের বাইরে অন্য কোনো দায়িত্বেও তাকে দেখা যেতে পারে। বয়সভিত্তিক দল বা এইচপিতেও যোগ দিতে পারেন আশরাফুল।

নিজের পরবর্তী দায়িত্ব নিয়ে আশরাফুলও ইতিবাচক। আর বোর্ড এমন কোনো প্রস্তাব দিলে সেটি সাদরেই গ্রহণ করবেন বলে জানিয়েছেন সাবেক এই তারকা ক্রিকেটার। আজ সংবাদমাধ্যমের সাথে আলাপকালে তিনি বলেন-

‘আমি সৌভাগ্যবান যে একবারে জাতীয় দলের ব্যাটিং কোচের মতো বড় পদে দায়িত্ব পেয়েছিলাম। তবে আমার বড় পর্যায়ে কোচিংয়ের হাতেখড়ি সবে হয়েছে। আমি জাতীয় দলের ব্যাটিং কোচের মতো বড় পদে কাজ করেছি।’

‘ক্রিকেট বোর্ড আমাকে আর সেই পদে কন্টিনিউ না করে অন্যত্র যদি দিতে চায় বা অন্যত্র আমাকে ব্যবহার করতে চায়, আমি সেটাকে সাদরে গ্রহণ করব। আমি মনে করি আমার কোচিং ক্যারিয়ার, বিশেষ করে বড় পরিসরে, সবে শুরু হয়েছে।’ যোগ করেন তিনি।

নিজের কোচিং ক্যারিয়ারকে প্রতিষ্ঠিত করা ও নিজের অভিজ্ঞতা পরবর্তী প্রজন্মের ক্রিকেটারদের মধ্যে ছড়িয়ে দেয়া উল্লেখ করে আশরাফুল বলেন- ‘আমি কোচিংটা করতে চাই এবং কোচিং ক্যারিয়ারটাকে প্রতিষ্ঠিত করারও ইচ্ছে আমার আছে।’

জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব হারানোকে তাই ক্যারিয়ারের পতন হিসেবে দেখছেন না আশরাফুল। এই প্রসঙ্গে বলেন, ‘জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে না থাকলেই যে আমি মুষড়ে পড়ব, মনমরা হয়ে থাকব বা এটাকে আমার একটা ডাউনফল মনে করব তেমন না।'

‘আমার যদি ভবিষ্যতে সুযোগ আসে অন্যত্র ভালো কাজ করার, অবশ্যই আমি সেটা গ্রহণ করব এবং আমি দেশের ক্রিকেটের উন্নয়নে আমি যা জানি, আমি যা বুঝি, সেটা পরবর্তী প্রজন্মের মধ্যে বা নতুন প্রজন্মের মধ্যে বিলিয়ে দিতে প্রাণপণ চেষ্টা করব। এখন ক্রিকেট বোর্ড আমাকে কোথায় রাখবে বা আদৌ রাখবে কি না সেটা বোর্ডের ব্যাপার।’

এখন আশরাফুলকে কোথায় কিভাবে ব্যবহার করা হবে, নাকি চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন কোনো সিদ্ধান্ত নেবে বিসিবি—সেটিই দেখার বিষয়।