
একসময় বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে বড় ভরসার নাম ছিল ওয়ানডে। টেস্ট কিংবা টি-টোয়েন্টিতে ব্যর্থ হলেও ৫০ ওভারের ক্রিকেটে ফিরে এসে মান বাঁচাত দল। কিন্তু সময়ের সাথে সেই চিত্রটাই যেন পুরোপুরি বদলে গেছে। এখন ওয়ানডেই বাংলাদেশের সবচেয়ে বড় দুশ্চিন্তার জায়গা, আর সাদা পোশাকের ক্রিকেটে দেখা যাচ্ছে উল্টো ছবি।
আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ব্যর্থতা সেই দুশ্চিন্তা আরো বাড়িয়েছে। অথচ এর মধ্যেই ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের সিরিজ। ওয়ানডেতে এমন ব্যর্থতার পরও টেস্ট দল নিয়ে আত্মবিশ্বাসী প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন।
তার বিশ্বাস, টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সব সামলে নেবেন ও ওয়ানডের ব্যর্থতার প্রভাব টেস্টে পড়তে দেবেন না। সম্প্রতি গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি বলেন, ‘শান্ত নিজের মতো করে দল সামলে নেবে। ওয়ানডের ব্যর্থতাকে বড় হতে দেবে না।’
হাবিবুল বাশারের এই আত্মবিশ্বাসের পেছনে শুধু মাঠের পারফরম্যান্স নয়, দলের ভেতরের পরিবেশও গুরুত্বপূর্ণ। তার মতে, টেস্ট দলে ড্রেসিংরুমের পরিবেশ বেশ গোছানো। খেলোয়াড়দের মধ্যে বোঝাপড়া, শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও একে অপরের প্রতি আস্থা—সব মিলিয়ে দলটি ভালো অবস্থায় আছে।
সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে টেস্টেও এর কিছুটা প্রমাণ মিলেছে। পাঁচ দিনের লড়াই শেষে ম্যাচটি ড্র হলেও জয়ের বেশ কিছু সুযোগ তৈরি করেছিল বাংলাদেশ। কিন্তু গুরুত্বপূর্ণ সময়ে ক্যাচ ও রানআউটের সুযোগ নষ্ট হওয়ায় জয় অধরাই থেকে যায়। আফগানিস্তানের জন্য ড্রটি জয়ের সমান হলেও বাংলাদেশের কাছে সেটি ছিল হাতছাড়া সুযোগ।
তবে ম্যাচ শেষে সেই হতাশা দলের ভেতরে বড় হতে দেননি শান্ত। সতীর্থদের দোষারোপ না করে বরং মনোযোগ ধরে রাখার বার্তা দিয়েছেন তিনি। কারো পারফরম্যান্স নিয়ে বাড়তি উচ্ছ্বাসও দেখাননি। পরিস্থিতি স্বাভাবিক রেখে ইতিবাচকভাবে দলকে সামলেছেন।
হাবিবুল বাশারের চোখে, মাঠে নেতৃত্ব দেয়ার পাশাপাশি মাঠের বাইরেও সতীর্থদের নিজেদের দায়িত্ব পালনের স্বাধীনতা ও আস্থা দিতে পারাটাই শান্তর বড় শক্তি। এই পরিবেশের ওপর ভর করেই টেস্ট চ্যাম্পিয়নশিপে এখন বড় স্বপ্ন দেখছে বাংলাদেশ।
চক্রের শুরুতে লক্ষ্য ছিল পয়েন্ট তালিকার তিন-চারের মধ্যে থাকা। কিন্তু মাঠের পারফরম্যান্সে সেই হিসেব বদলে গেছে। এখন লক্ষ্য ফাইনাল। আগামী বছর লন্ডনে অনুষ্ঠেয় টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড়ে থাকতে হলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠের দুই টেস্টেই ভালো ফল করা গুরুত্বপূর্ণ।
তবে লক্ষ্য বড় হলেও খেলোয়াড়দের ওপর বাড়তি প্রত্যাশার চাপ দিতে নারাজ হাবিবুল বাশার। তার মতে, বাংলাদেশ যে ভালো ক্রিকেট খেলছে, সেটির ধারাবাহিকতা ধরে রাখাই এখন মূল বিষয়। তার কাছে প্রক্রিয়াটাই আগে।
তিনি বলেন, ‘আমি দলের ওপর বাড়তি প্রত্যাশার চাপ সৃষ্টি করতে চাই না। আমরা যে ভালো ক্রিকেট খেলছি, সেটার ধারাবাহিকতা বজায় রাখতে চাই। আগেই অতিরিক্ত চাপ নিলে তা খেলোয়াড়দের পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ফলাফল কী হবে তা পরে দেখা যাবে, আগে নিজেদের প্রক্রিয়া ঠিক রাখা জরুরি।’
এদিকে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ সামনে রেখে মিরপুর অ্যাকাডেমি মাঠে প্রস্তুতিও শুরু করেছে বাংলাদেশ। অনুশীলনে ছিলেন মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, সাদমান ইসলাম, তাইজুল ইসলাম ও এবাদত হোসেনরা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








