হাশিম আমলা, বাংলাদেশ ক্রিকেট দল, বিসিবি, বাংলাদেশের ব্যাটিং পরামর্শক, বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা সফর, বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ, হাশিম আমলার কোচিং অভিজ্ঞতা
সাবেক প্রোটিয়া তারকা ক্রিকেটার হাশিম আমলা। সংগৃহীত

দক্ষিণ আফ্রিকা সফরের আগে ব্যাটিং বিভাগকে শক্তিশালী করতে বড় চমক দিতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সফরে ব্যাটিং পরামর্শক হিসেবে সাবেক প্রোটিয়া তারকা ক্রিকেটার হাশিম আমলাকে যুক্ত করার আলোচনা চলছে।

Advertisement

তবে এখনো বিষয়টি চূড়ান্ত হয়নি, আসেনি কোনো আনুষ্ঠানিক ঘোষণাও। বিসিবি ও আমলার মধ্যে আলোচনা চলছে। আগামী কয়েক দিনের মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান আমলা। এরপর কোচিংকে পেশা হিসেবে বেছে নেন সাবেক এই ব্যাটার। দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি দল কেপটাউন স্পার্টান্সের ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।

২০২০ সালে পাকিস্তান সুপার লিগে পেশোয়ার জালমির ব্যাটিং মেন্টরের দায়িত্ব পালন করেন আমলা। এরপর ২০২২ সালে এসএ টোয়েন্টির প্রথম আসরে এমআই কেপটাউনের ব্যাটিং কোচ হন তিনি। ২০২৩ সালের আগস্টে জোহানেসবার্গভিত্তিক দক্ষিণ আফ্রিকার ঘরোয়া দল লায়ন্সের ব্যাটিং কোচ হিসেবেও দায়িত্ব পালন করেন।

আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ অভিজ্ঞতার পাশাপাশি দক্ষিণ আফ্রিকার কন্ডিশন সম্পর্কে আমলার রয়েছে গভীর ধারণা। ফলে প্রোটিয়াদের মাটিতে ব্যাটিংয়ের চ্যালেঞ্জ মোকাবিলায় তার অভিজ্ঞতা বাংলাদেশের ব্যাটারদের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে।

আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ। সফরের শুরুতে দুই ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হবে দুই দল। ১৫ নভেম্বর জোহানেসবার্গে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৩ নভেম্বর।

এরপর রয়েছে সাদা বলের লড়াই। ১ ডিসেম্বর শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পরের দুই ম্যাচ ৪ ও ৭ ডিসেম্বর। সফরের শেষ ধাপে ১০ থেকে ১৩ ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

গুরুত্বপূর্ণ এই সফরের আগে বাংলাদেশের ব্যাটিং বিভাগে আমলার মতো অভিজ্ঞ কাউকে যুক্ত করার উদ্যোগ তাই বাড়তি গুরুত্ব পাচ্ছে। তবে আপাতত সবকিছুই আলোচনার পর্যায়ে।

বিসিবি ও আমলার মধ্যে আলোচনা চূড়ান্ত হলেই জানা যাবে, দক্ষিণ আফ্রিকা সফরে সত্যিই বাংলাদেশের ব্যাটিং পরামর্শক হিসেবে দেখা যাবে কি না সাবেক এই প্রোটিয়া তারকাকে।