
ত্রিদেশীয় সিরিজের শিরোপা জয়ের পুরস্কার মিলেছে আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে। জিম্বাবুয়েকে হারিয়ে শিরোপা জেতার পর এক ধাপ এগিয়েছে আফগানিস্তান। অন্যদিকে পুরো সিরিজে জয়হীন থাকা বাংলাদেশ হারিয়েছে দুই রেটিং পয়েন্ট।
শারজাহতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে জিম্বাবুয়েকে ৬ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আফগানিস্তান। আগে ব্যাট করে মাত্র ১৬৯ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে। জবাবে ইব্রাহিম জাদরানের অপরাজিত ৭০ রানের ইনিংসে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় আফগানরা।
এই জয়ের ফলে সর্বশেষ আইসিসি পুরুষদের ওয়ানডে র্যাঙ্কিংয়ে দুই রেটিং পয়েন্ট পেয়েছে আফগানিস্তান। ৯৪ রেটিং পয়েন্ট নিয়ে এক ধাপ এগিয়ে অষ্টম থেকে সপ্তম স্থানে উঠেছে তারা। তাদের এই উন্নতিতে পিছিয়ে পড়েছে ইংল্যান্ড।
রাওয়ালপিন্ডিতে পাকিস্তান ও শ্রীলঙ্কার কাছে হেরে ইংল্যান্ড হারিয়েছে দুই রেটিং পয়েন্ট। ৯৩ রেটিং পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থান থেকে অষ্টম স্থানে নেমে গেছে ইংলিশরা। তাদের জায়গা নিয়েছে শ্রীলঙ্কা। ৯৫ রেটিং পয়েন্ট নিয়ে সপ্তম থেকে ষষ্ঠ স্থানে উঠে এসেছে লঙ্কানরা।
ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠলেও র্যাঙ্কিংয়ে অবস্থানের উন্নতি হয়নি জিম্বাবুয়ের। তবে তাদের রেটিং পয়েন্ট বেড়েছে দুই। ৬৩ রেটিং পয়েন্ট নিয়ে ১১তম স্থানেই রয়েছে তারা।
বাংলাদেশের অবস্থাও খুব একটা সুখকর নয়। ত্রিদেশীয় সিরিজে একটি ম্যাচও জিততে পারেনি তাওহিদ হৃদয়ের দল। এর প্রভাব পড়েছে র্যাঙ্কিংয়ে। দুই রেটিং পয়েন্ট হারিয়েছে বাংলাদেশ। তবে ৮১ রেটিং পয়েন্ট নিয়ে নবম স্থান ধরে রেখেছে তারা।
ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান অবশ্য অপরিবর্তিত। ১১৪ রেটিং পয়েন্ট নিয়ে যথারীতি এক নম্বরে ভারত। ১০৯ পয়েন্ট নিয়ে নিউজিল্যান্ড দ্বিতীয়, ১০৪ পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকা তৃতীয়, ১০৩ পয়েন্ট নিয়ে পাকিস্তান চতুর্থ ও ১০২ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া রয়েছে পঞ্চম স্থানে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








