
ত্রিদেশীয় সিরিজে ব্যর্থতার ধাক্কা সামলানোর আগেই বাংলাদেশ শিবিরে এলো একটি বড় দুঃসংবাদ। আফগানিস্তানের বিপক্ষে অভিষেক হওয়া স্পিনার আলিস আল ইসলামের বোলিং অ্যাকশন অবৈধ বলে অভিযোগ করেছেন ম্যাচ অফিসিয়ালরা।
২৯ বছর বয়সী এই ডানহাতি স্পিনারের বোলিং অ্যাকশন নিয়ে ম্যাচ অফিসিয়ালদের রিপোর্টে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। আইসিসির অবৈধ বোলিং অ্যাকশন-সংক্রান্ত নিয়ম অনুযায়ী, এখন অনুমোদিত কোনো টেস্টিং সেন্টারে গিয়ে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে আলিসকে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির এক কর্মকর্তা। তিনি জানান, বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে বিষয়টি জানতে পেরেছে বিসিবি। পরে আইসিসিও তাদের বিষয়টি জানিয়েছে।
যদিও এবার আলিসের বোলিং অ্যাকশনের পরীক্ষা কোথায় হবে, সেটি এখনো চূড়ান্ত হয়নি।
তবে ভারতের চেন্নাইয়ে পরীক্ষাটি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে বিসিবির ওই কর্মকর্তা বলেন, ‘কয়েকটি দেশের ল্যাবে বোলিং অ্যাকশন পরীক্ষা নেয়া হয়। তবে আলিসেরটা চেন্নাইতে হতে পারে। এখনো সময় জানা যায়নি।’
অবশ্য আলিসের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন এবারই প্রথম নয়। এর আগেও দু’বার একই সমস্যার মুখে পড়েছিলেন তিনি। ২০১৯ সালে বিপিএলে অভিষেকের সময় প্রথমবার তার বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয়। পরে পরীক্ষা দিয়ে অ্যাকশন বৈধ প্রমাণ করে ক্রিকেটে ফেরেন আলিস।
এরপর ২০২৫ সালের বিপিএলেও তার অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছিল। পরীক্ষা দেয়ার পর সেবারও ছাড়পত্র পেয়েছিলেন তিনি। এবার আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার ম্যাচেই আবারো সেই পুরোনো সমস্যা সামনে এলো।
অভিষেক ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে আলিসের বোলিংও অবশ্য স্বস্তি দিতে পারেনি বাংলাদেশকে। সেই ম্যাচে বড় ব্যবধানে হেরে ত্রিদেশীয় সিরিজ থেকে বিদায় নেয় বাংলাদেশ। ৮.৩ ওভার বল করে ৪৭ রান দিয়ে ছিলেন উইকেট শূন্য।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








