দ্রুততম ডাবল সেঞ্চুরি করার পর উদযাপন করছেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক
দ্রুততম ডাবল সেঞ্চুরি করার পর উদযাপন করছেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক। সংগৃহীত

মাত্র এক মাসও টিকল না শুবমান গিলের রেকর্ড। মাত্র ২৩ দিনের মাথায় ওয়ানডেতে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ডটি নিজের করে নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক। রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ১১৪ বলে ২০০ রান করে বিশ্ব রেকর্ড গড়েছেন তিনি।

Advertisement

বৃহস্পতিবার (২২ অক্টোবর) শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ম্যাচে চার নম্বরে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য এমন বিধ্বংসী ছিল না ব্রুকের। প্রথম ২৪ বলে করেছিলেন মাত্র ১৩ রান। এরপর কামিন্দু মেন্ডিসের এক ওভারে টানা দু’টি ছক্কা মেরে গতি বাড়ান।

তবে এরপরে সুইপ, স্কুপ, রিভার্স স্কুপসহ দৃষ্টিনন্দন সব শটে শ্রীলঙ্কার বোলিং আক্রমণকে ছিন্নভিন্ন করে দেন ইংল্যান্ড অধিনায়ক। ৭৫ বলে সেঞ্চুরি পূর্ণ করার পর যেন আরো ভয়ংকর হয়ে ওঠেন ব্রুক। তৃতীয় উইকেটে জো রুটের সাথে গড়েন ১৫৯ রানের জুটি।

জো রুট ৬৬ বলে ৬৯ রান করে আউট হলে উইল জ্যাকসকে সাথে নিয়ে মাত্র ৭৯ বলে যোগ করেন আরো ১৮৫ রান। জ্যাকসও মাত্র ২৫ বলে ফিফটি তুলে নেন। শেষ পর্যন্ত ৩০ বলে ৬৬ রানে অপরাজিত থাকেন জ্যাকস।

এদিকে ইনিংসের ৪৯তম ওভার শেষে ব্রুকের রান ছিল ১৮৬। শেষ ওভারে জানিত লিয়ানাগের প্রথম বলেই ছক্কা মেরে শুরু করেন। পরের দুই বলে দু’টি ডাবল নিয়ে পৌঁছে যান ১৯৬ রানে। চতুর্থ বলে স্কুপ করে উইকেটকিপারের মাথার ওপর দিয়ে চার মেরে পূর্ণ করেন ডাবল সেঞ্চুরি।

শেষ বলে আউট হলেও ব্রুকের নামের পাশে তখন ১১৬ বলে ২০২ রান। ইনিংসে ছিল ২১টি চার ও ১০টি ছক্কা। ব্রুকের ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেটে ৪২৯ রান তুলে নেয় ইংল্যান্ড।

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে এটিই কোনো দলের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। একই সাথে পাকিস্তানের মাটিতে ওয়ানডেতে এটিই সর্বোচ্চ দলীয় স্কোর।

এই ডাবল সেঞ্চুরিতে একটি বিরল কীর্তির মালিক হয়েছেন ব্রুক। টেস্টে ট্রিপল সেঞ্চুরি, ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি ও টি-টোয়েন্টিতে সেঞ্চুরি— তিন সংস্করণে এই তিন মাইলফলক ছোঁয়া মাত্র দ্বিতীয় ক্রিকেটার তিনি। তার আগে এই কীর্তি ছিল শুধু ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিস গেইলের।