নিউজিল্যান্ড, ভারত, আইসিসি, ক্রিকেট
আসন্ন ভারত-নিউজিল্যান্ড সিরিজে ব্যবহার করা হচ্ছে নতুন প্রযুক্তি। সংগৃহীত

ভারত-নিউজিল্যান্ড সিরিজে ব্যবহার করা হচ্ছে নতুন প্রযুক্তি। তার নাম ‘সনিক’। ডিআরএস-এর ক্ষেত্রে ব্যবহার করা হবে এই প্রযুক্তি। ব্যাটে বল লেগেছে কি না, তা বোঝা যাবে শব্দের তারতম্যের মাধ্যমে। প্রথমবার ক্রিকেটে ব্যবহার হচ্ছে এই প্রযুক্তি।

Advertisement

বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, আইসিসির সাথে আলোচনার পর এই প্রযুক্তি তৈরি করেছে ‘ভার্চুয়াল আই’। ২০০৮ সাল থেকে আইসিসি-র বল-ট্র্যাকিং প্রযুক্তির সাথে যুক্ত তারা। নিউজিল্যান্ডে তৈরি হয়েছে এই ‘সনিক’ প্রযুক্তি। সাহায্য করেছে ভারতীয় ক্রিকেট বোর্ডও।

সাধারণত ব্যাটে বল লেগেছে কি না, তা দেখা হয় আল্ট্রা-এজ প্রযুক্তির সাহায্যে, কিন্তু অনেক সময় ব্যাট ও প্যাড কাছাকাছি থাকলে তাতে বুঝতে সমস্যা হয়। এই ‘সনিক’ প্রযুক্তির সাহায্যে বোঝা যাবে, বল আগে ব্যাটে লেগেছে না প্যাডে। ফলে তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে সুবিধা হবে। পরীক্ষায় দেখা গেছে, তৃতীয় আম্পায়ারকে বেশ কিছু অতিরিক্ত তথ্যও দিচ্ছে এই প্রযুক্তি।

‘ভার্চুয়াল আই’-এর সিইও বেন টেলর একটি বিবৃতিতে বলেছেন, ‘আমাদের দল দীর্ঘদিন ধরে প্রচুর পরিশ্রম করে এই প্রযুক্তি তৈরি করেছে। ক্রিকেটে ডিআরএস-এর ক্ষেত্রে স্বচ্ছতা আরো বাড়াতে এই প্রযুক্তি আনা হয়েছে। এই প্রযুক্তি পরীক্ষা করে দেখা হয়েছে।’

আপাতত শুধু ভারত-নিউজিল্যান্ড সিরিজেই এই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। আগামী দিনে অন্যান্য প্রতিযোগিতায় তা ব্যবহারের জন্য অবশ্য আইসিসির অনুমতি লাগবে।