জেমস অ্যান্ডারসন, ইংল্যান্ড
জেমস অ্যান্ডারসন। ফাইল ছবি

অবশেষে পেশাদার ক্রিকেটকে বিদায় জানাতে চলেছেন জেমস অ্যান্ডারসন। ৪৪ বছর বয়সে পাকাপাকিভাবে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিতে চলেছেন ইংল্যান্ডের সাবেক এই পেসার। আগামী মৌসুমে তাকে দলে রাখেনি ল্যাঙ্কাশায়ার। ছোটবেলার কাউন্টি দলেও সুযোগ না পেয়ে অবশেষে তাই অভিমান নিয়েই বিদায় নিতে চলেছেন তিনি।

Advertisement

ইংল্যান্ডের জাতীয় দল থেকে অবসরের পর ল্যাঙ্কাশায়ারের হয়ে কাউন্টি খেলছিলেন অ্যান্ডারসন। ২০২৫ সালে মৌসুমের মাঝপথে অধিনায়কত্বের দায়িত্বও নেন। ২০২৬ সালে তার নেতৃত্বেই কাউন্টি চ্যাম্পিয়নশিপ খেলে ল্যাঙ্কাশায়ার।

গত মৌসুমে দল হতাশ করলেও অ্যান্ডারসন করেননি। ১৭.৬৮ গড়ে ৫০ উইকেট নিয়েছিলেন তিনি। এই বয়সেও ব্যাটারদের সমস্যায় ফেলেন, কিন্তু নতুন চিফ এক্সিউটিভ রিচার্ড কেনিয়ন দায়িত্ব নেয়ার পর ক্লাবকে নতুন করে সাজাচ্ছেন। তার পরিকল্পনায় অ্যান্ডারসন নেই।

২৫ বছরের ক্যারিয়ার অ্যান্ডারসনের। ২০০১ সালে ল্যাঙ্কাশায়ারের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় তার। ২০০৩ সালে ইংল্যান্ডের টেস্ট দলে হয় অভিষেক। টানা ২১ বছর ধরে ইংল্যান্ডের হয়ে ১৮৮ টেস্টে ৭০৪ উইকেট নিয়েছেন তিনি। টেস্টে মুত্তাইয়া মুরলিধরন ও শেন ওয়ার্নের পর তৃতীয় সর্বাধিক উইকেটের মালিক তিনি। পেসারদের মধ্যে টেস্টে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন অ্যান্ডারসন।

২০২৪ সালের জুলাই মাসে লর্ডসে ওয়েস্ট ইন্ডিজে বিপক্ষে শেষ টেস্ট খেলেন অ্যান্ডারসন। প্রথম শ্রেণির ক্রিকেটে মোট ১১৯৩ উইকেট নিয়েছেন অ্যান্ডারসন। অবশেষে সেই ক্যারিয়ার শেষ হতে চলেছে তার। সব ধরনের ক্রিকেট থেকে বিদায় নিতে চলেছেন অ্যান্ডারসন।