
ভারতের উত্তরপ্রদেশের বারাণসী শহরে তৈরি হয়েছে নতুন একটি ক্রিকেট স্টেডিয়াম। ৩১ একর জমির ওপর ৪৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিত স্টেডিয়ামটি বোর্ডের অনুমোদন পেলেই খুলে দেয়া হবে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দেশটির একটি সংবাদমাধ্যম জানিয়েছে, তবে, স্টেডিয়ামটি নিয়ে এখন আলোচনা সেখানকার ভিন্ন আকৃতির ফ্লাডলাইট ও মিডিয়া সেন্টারকে ঘিরে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, বারাণসী শিবের জায়গা। তাই এখানকার স্টেডিয়ামের ফ্লাডলাইট তৈরি হয়েছে শিবের ত্রিশুলের আদলে, আর মিডিয়া সেন্টার তৈরি হয়েছে তার ডমরুর আকৃতিতে। শুধু তাই নয়; স্টেডিয়ামের ছাদও তৈরি হয়েছে শিবের মাথায় থাকা চাঁদের আদলে।
স্টেডিয়ামটিতে ৩০ হাজার দর্শক একসাথে বসে খেলা দেখতে পারবেন। পয়ঃনিষ্কাশন ব্যবস্থাও বেশ উন্নত। ভারী বৃষ্টি হলেও ৩০ মিনিটের মধ্যে মাঠ শুকিয়ে ফেলা যাবে।
আগামী সপ্তাহে মাঠটি পরিদর্শনে যাবেন ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা। তারা স্টেডিয়ামটি খতিয়ে দেখবেন। তারপরই অনুমতি দেয়া হবে। যদি বোর্ডের অনুমতি পাওয়া যায়, তাহলে সেখানে শুরু হবে ক্রিকেট ম্যাচ।
উত্তরপ্রদেশ ক্রিকেট সংস্থা চাইছে, দ্রুত সেখানে ম্যাচ শুরু করতে। বোর্ডের অনুমতি পেলে শুরুতে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট ম্যাচ শুরু হবে। পরের বছর নারীদের আইপিএলও সেখানে আয়োজন করতে চাইছে উত্তরপ্রদেশ ক্রিকেট সংস্থা।
উত্তরপ্রদেশ ক্রিকেট সংস্থার এক কর্মকর্তা বলেন, ‘কাজ শেষ। তবে প্রতিযোগিতামূলক ম্যাচের আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুমতি লাগবে। উত্তরপ্রদেশ ক্রিকেট সংস্থা চাইছে কিছু অনূর্ধ্ব-১৯ ম্যাচ শুরু করতে। তাতে পিচের চরিত্র পরীক্ষা হয়ে যাবে। পরের সপ্তাহে বিসিসিআই একটি দল পাঠাবে। তারা খতিয়ে দেখে রিপোর্ট জমা দেবে। আশা করছি পরীক্ষায় আমরা পাস করে যাব।’
বর্তমানে উত্তরপ্রদেশে দু’টি আন্তর্জাতিক স্টেডিয়াম রয়েছে। একটি কানপুর। অপরটি লখনউ। বারাণসীর স্টেডিয়াম বোর্ডের অনুমতি পেলে সেটি হবে এই রাজ্যের তৃতীয় স্টেডিয়াম।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








