তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম
তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। ফাইল ছবি

বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের পেসারদের দুর্দান্ত উন্নতির প্রতিফলন আবারো দেখা গেছে আইসিসি র‌্যাঙ্কিংয়ে।

Advertisement

বুধবার প্রকাশিত সর্বশেষ ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় উল্লেখযোগ্য উন্নতি করেছেন বাংলাদেশের দুই পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। তাসকিন নয় ধাপ এগিয়ে ১২তম স্থানে উঠেছেন। আর তার সতীর্থ শরিফুল ইসলাম দুই ধাপ এগিয়ে উঠে এসেছেন ১১তম স্থানে।

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে চলমান ত্রিদেশীয় সিরিজে দারুণ বোলিংয়ের সুবাদে তাসকিনের এই অগ্রগতি হয়েছে। সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে তিনটি উইকেট নেন তিনি। তবে ওই ম্যাচে বাংলাদেশ ৯৯ রানে হেরে যায়।

এদিকে ওয়ানডে বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান আরো সুসংহত করেছেন আফগানিস্তানের স্পিনার রশিদ খান। জিম্বাবুয়ের বিপক্ষে ১৭ রানে চার উইকেট নেয়ার পর তার রেটিং বেড়ে দাঁড়িয়েছে ৭৪২। দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তানের আবরার আহমেদ এবং তৃতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজের চেয়ে ৮০ রেটিং পয়েন্টে এগিয়ে রয়েছেন রশিদ।

জিম্বাবুয়ের বিপক্ষে ১১০ বলে ১০২ রানের দুর্দান্ত ইনিংস খেলে ওয়ানডে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে ১২ ধাপ এগিয়ে ২০তম স্থানে উঠে এসেছেন আফগানিস্তানের সেদিকউল্লাহ আতাল।

রাওয়ালপিন্ডিতে সিরিজের পর ওয়ানডে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে পাকিস্তানের সালমান আগা ও ইংল্যান্ডের বেন ডাকেটেরও। সালমান উঠে এসেছেন ১২তম স্থানে, আর ডাকেটের অবস্থান এখন ১৩তম।

ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর টি-টোয়েন্টি আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়েও পরিবর্তন এসেছে। ব্যাটারদের তালিকায় দুই ধাপ এগিয়ে নবম স্থানে উঠেছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শাই হোপ।

ওয়েস্ট ইন্ডিজের আরেক ব্যাটার শেরফানে রাদারফোর্ড ছয় ধাপ এগিয়ে ১৮তম স্থানে উঠেছেন। অন্যদিকে বোলারদের র‌্যাঙ্কিংয়ে বাঁহাতি স্পিনার গুদাকেশ মোতি ১০ ধাপ এগিয়ে ২৬তম স্থানে জায়গা করে নিয়েছেন।