
ত্রিদেশীয় সিরিজে টিকে থাকার শেষ সুযোগ বাংলাদেশের সামনে। আফগানিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক তাওহীদ হৃদয়। শারজাহতে খেলা শুরু বিকেল সাড়ে ৫টায়।
ম্যাচটি বাংলাদেশের জন্য কার্যত বাঁচা-মরার লড়াই। জিম্বাবুয়ের কাছে প্রথম ম্যাচে ৯৯ রানে হারের পর পয়েন্ট শূন্য বাংলাদেশ এখন টেবিলের তলানিতে। অন্যদিকে জিম্বাবুয়েকে ১৫৮ রানের বিশাল ব্যবধানে হারিয়ে আত্মবিশ্বাসের সাথে মাঠে নামছে আফগানিস্তান।
ফাইনালে উঠতে হলে বাংলাদেশকে শুধু আফগানিস্তানকে হারালেই হবে না, জিম্বাবুয়ের নেট রান রেটও টপকাতে হবে। ফলে অন্তত ৪১ রানের ব্যবধানে জিততে হবে টাইগারদের। যদিও কঠিন, তবে সবার সেরাটা দিতে পারলে অসম্ভব নয়।
আগের ম্যাচে ২৭২ রান তাড়া করতে নেমে ১৭২ রানে অলআউট হয়েছিল দলটি। সেই ব্যর্থতা ভুলে টাইগারদের লক্ষ্য হবে বড় সংগ্রহ দাঁড় করানো ও আফগানিস্তানের শক্তিশালী বোলিং আক্রমণকে শুরু থেকেই চাপে রাখা।
এদিকে আজ একাদশে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। রিশাদ হোসেন, নুরুল হাসান ও মোসাদ্দেক হোসেন নেই আজ। তাদের জায়গা নিয়েছেন আলিস আল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও পারভেজ ইমন। গত মাসে এশিয়ান গেমসে অভিষেক হওয়া আলিসের ওয়ানডে অভিষেক হচ্ছে আজ।
বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয় (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, আলিস আল ইসলাম, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








