আইসিসি, শ্রীলঙ্কা, পাকিস্তান
ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয় দু’দল। ক্রিকইনফো

রোববার রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে স্লো ওভার রেটের কারণে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে যথাক্রমে ম্যাচ ফির ১০ ও পাঁচ শতাংশ জরিমানা করা হয়েছে।

Advertisement

আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি জেফ ক্রো এই শাস্তি আরোপ করেন। নির্ধারিত সময়ে পাকিস্তান দুই ওভার পিছিয়ে ছিল। অন্যদিকে, শ্রীলঙ্কা পিছিয়ে ছিল এক ওভার।

আইসিসির খেলোয়াড় ও খেলোয়াড়দের সহায়তাকারী কর্মকর্তাদের আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে ন্যূনতম ওভার সম্পন্ন করতে ব্যর্থ হলে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করা হয়।

পাকিস্তানের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি ও শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিস অভিযোগ স্বীকার করে প্রস্তাবিত শাস্তি মেনে নেন। ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

মাঠের দুই আম্পায়ার আসিফ ইয়াকুব ও ওয়েইন নাইটস, তৃতীয় আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ এবং চতুর্থ আম্পায়ার ফয়সাল আফ্রিদি এই অভিযোগ আনেন।