
সাবেক ক্রিকেটারদের নিয়ে হওয়া ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের তৃতীয় আসরের শিরোপা জিতেছে ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন্স।
গতরাতে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ইংল্যান্ড চ্যাম্পিয়ন্সকে ৯ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতে ওয়েস্ট ইন্ডিজ।
শিরোপা নির্ধারণী ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে মঈন আলির হাফ-সেঞ্চুরিতে ২০ ওভারে ৭ উইকেটে ১৫৯ রান করে ইংল্যান্ড।
চার নম্বরে নেমে ৪টি করে চার-ছক্কায় ৩৯ বলে ৬০ রান করেন মঈন। এ ছাড়া ওয়াইজ শাহ ২৮ বলে ৩৮, অধিনায়ক রবি বোপারা ১৬ এবং জেসন রয় ৭ রান করেন।
তৃতীয় উইকেটে বোপারার সাথে ৩১ বলে ৪৪ এবং ষষ্ঠ উইকেটে শাহ’কে নিয়ে ৩৩ বলে ৫৪ রানের জুটি গড়েন মঈন।
বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো ৪ ওভারে ২১ রানে ৩ উইকেট নেন।
জবাবে উদ্বোধনী জুটিতে ৩২ বলে ৪২ রানের জুটি গড়েন ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার লেন্ডন সিমন্স ও অধিনায়ক ক্রিস গেইল। ১৪ বলে ১ চার ও ২ ছক্কায় ২১ রান করেন গেইল।
দ্বিতীয় উইকেটে ৭০ বলে ১২৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে ওয়েস্ট ইন্ডিজের জয় নিশ্চিত করেন সিমন্স ও চাঁদউইক ওয়ালটন। হাফ-সেঞ্চুরির ইনিংসে দলের জয়ে অবদান রাখেন দু’জনই।
৮ চার ও ৩ ছক্কায় সিমন্স ৫৩ বলে অপরাজিত ৭৭ এবং ৩ চার ও ৪ ছক্কায় ৩৫ বলে ৫৮ রানের অনবদ্য ইনিংস খেলেন ওয়ালটন।
২০২৪ সালে অনুষ্ঠিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের প্রথম আসরের শিরোপা জিতেছিল ভারত। বার্মিংহামের ফাইনালে ৫ উইকেটে জয় পায় টিম ইন্ডিয়া।
পরের বছর দ্বিতীয় আসরে বার্মিংহামে পাকিস্তানকে ৯ উইকেটে হারিয়ে শিরোপা ঘরে তুলে দক্ষিণ আফ্রিকা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








