বাংলাদেশ, আফগানিস্তান
ম্যাচের একটি মুহূর্ত। সংগৃহীত

ব্যাটারদের দাপটে বড় সংগ্রহ পেয়েছে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। ওমানের আল আমিরাতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৯ উইকেটে ৩০৪ রান করেছে তারা। ফলে ম্যাচ জিততে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ৩০৫ রান।

Advertisement

সোমবার টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। শুরু থেকেই বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হন তাদের ব্যাটাররা। এক থেকে সাত নম্বর পর্যন্ত প্রায় সবাই দলের রানে অবদান রেখেছেন। এর মাঝে ফিফটি পেয়েছেন দুজন।

আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ৭৬ রান করেন নোমান সালারজাই। ফরিদুল্লাহ ইহসাস করেন ৫১ রান। এছাড়া তাহির সারওয়ারি মাত্র ৩১ বলে ৪৩ রানের ঝড়ো ইনিংস খেলেন। আমির হামজা শেষদিকে ১১ বলে করেন ২১ রান। আবিদুল্লাহ নাদারজান ২৩, সোবহান জাখাইল ২৭ ও হামজা খান ২৯ রান করেন।

বাংলাদেশের বোলারদের হয়ে রুবাই ইসলাম রিজন সবচেয়ে সফল। তিনি ৪টি উইকেট নিয়েছেন। জেকে শরিফ সিয়ামের শিকার ২ উইকেট।

সিরিজের প্রথম ওয়ানডেতে জয় পেয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে সেই ধারাবাহিকতা ধরে রাখতে হলে এখন ৩০৫ রানের কঠিন লক্ষ্য পেরোতে হবে যুবাদের।