
একটি হারেই কঠিন হয়ে গেছে ত্রিদেশী সিরিজে বাংলাদেশের ফাইনালে ওঠার পথ। মলিন হয়েছে শিরোপার স্বপ্ন। এখন শেষ ম্যাচে জিতলেই চলবে না, তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের ফলের দিকেও। ফাইনালের ভাগ্য আর পুরোপুরি নিজেদের হাতে নেই লিটন দাসের দলের।
শনিবার ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে ৯৯ রানে হেরেছে বাংলাদেশ। লিগ পর্বে বাকি আর একটি ম্যাচ। আগামী ২১ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে সেই ম্যাচে জিততেই হবে বাংলাদেশকে।
তবে ফাইনালে ওঠার সমীকরণ সহজ হবে, নাকি হিসেব মেলাতে তাকিয়ে থাকতে হবে নেট রান রেটের দিকে, তা অনেকটাই নির্ভর করছে ১৯ অক্টোবর জিম্বাবুয়ে-আফগানিস্তান ম্যাচের ওপর।
সেই ম্যাচে জিম্বাবুয়ে জিতলে বাংলাদেশের সামনে সমীকরণ হবে সরল। নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানকে হারালেই ফাইনালে উঠে যাবে বাংলাদেশ। কিন্তু জিম্বাবুয়ে হেরে গেলে বাড়বে বাংলাদেশের দুশ্চিন্তা।
আফগানিস্তান জিম্বাবুয়েকে হারানোর পর বাংলাদেশও যদি নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানকে হারায়, তাহলে তিন দলেরই পয়েন্ট হবে সমান ২। সেক্ষেত্রে ফাইনালে ওঠা দুই দল নির্ধারিত হবে নেট রান রেটের ভিত্তিতে।
সেখানেই পিছিয়ে বাংলাদেশ। প্রথম ম্যাচে ৯৯ রানের হারে তাদের নেট রান রেট দাঁড়িয়েছে -১.৯৮০। বিপরীতে জিম্বাবুয়ের নেট রান রেট +১.৯৮০। ফলে তখন শুধু আফগানিস্তানকে হারালেই চলবে না, নেট রান রেটের হিসেবেও এগিয়ে থাকতে হবে বাংলাদেশকে।
তাই বাংলাদেশের চাওয়া এখন পরিষ্কার—আগামী ১৯ অক্টোবর জিম্বাবুয়ের জয়, আর ২১ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে নিজেদের জয়। প্রথম ফলটি পক্ষে এলে ফাইনালের পথ সহজ হবে।
অন্যথায়, শেষ ম্যাচে জয়ের পাশাপাশি কঠিন নেট রান রেটের হিসেবও সামলাতে হতে পারে লিটনদের। যা মোটেও সহজ হবে না।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








