ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করছে ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা
ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করছে ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা। সংগৃহীত

রোববার থেকে রাওয়ালপিন্ডিতে শুরু হচ্ছে একদিনের আন্তর্জাতিক ত্রিদেশীয় সিরিজ। স্বাগতিক পাকিস্তানের সাথে এতে অংশ নিচ্ছে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। আগামী বছর ৫০ ওভারের বিশ্বকাপকে সামনে রেখে এই সিরিজের মাধ্যমে তিনটি দেশই প্রস্তুতি শুরু করার লক্ষ্যস্থির করেছে। 

Advertisement

দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার যৌথ আয়োজনে অনুষ্ঠেয় বিশ্বকাপ শুরু হতে এখনো এক বছরের কিছুটা কম সময় বাকি। পাকিস্তানের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি এই সিরিজকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন।

রোববার শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচের আগে শাহিন বলেন, ‘আমাদের ভালো করা গুরুত্বপূর্ণ। কারণ, এখন মূল মনোযোগ বিশ্বকাপের দিকে। এর জন্য আমাদের ভালো প্রস্তুতি নিতে হবে।’

তিনটি দলই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন হলেও সাম্প্রতিক পারফরম্যান্স খুব একটা আশাব্যঞ্জক নয়।

১৯৯২ সালের বিশ্বচ্যাম্পিয়ন পাকিস্তান ২০১১ সালের পর আর ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে পারেনি। তিন বছর আগে ভারতের মাটিতে অনুষ্ঠিত সর্বশেষ বিশ্বকাপে পঞ্চম স্থানে থেকে আসর শেষ করে দলটি।

২০১৯ সালে নিজেদের মাটিতে বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড। তবে ২০২৩ সালের আসরে হতাশাজনক পারফরম্যান্স করে সপ্তম স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করে তারা।

১৯৯৬ সালের বিশ্বচ্যাম্পিয়ন শ্রীলঙ্কার পারফরম্যান্সও ভালো ছিল না।

গত সপ্তাহে শেষ হওয়া শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দলে জায়গা না পাওয়া পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম এই ত্রিদেশীয় সিরিজে ফিরছেন। টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তান ২-১ ব্যবধানে জয় পেয়েছিল।

পাকিস্তানের বিপক্ষে মঙ্গলবার খেলবে ইংল্যান্ড। দলটির অধিনায়ক হ্যারি ব্রুক বলেন, ‘দু’টি শক্তিশালী দলের বিপক্ষে খেলার এটি দারুণ সুযোগ। এই সিরিজ আমাদের বিশ্বকাপ প্রস্তুতিতে সহায়ক হবে। আর ফাইনালে উঠতে পারলে আমরা নিজেদের অবস্থান সম্পর্কে আরো ভালো ধারণা পাব।’

ফাইনালের আগে প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুইবার করে খেলবে। ৩১ অক্টোবর লাহোরে অনুষ্ঠিত হবে ফাইনাল।

ইংল্যান্ড দলে থাকছেন না চোটের কারণে ছিটকে যাওয়া তারকা ব্যাটার জস বাটলার এবং বিশ্রামে থাকা পেসার জোফরা আর্চার।

তবে সাম্প্রতিক ওয়ানডে পারফরম্যান্সে আত্মবিশ্বাসী ইংল্যান্ড। টানা তিনটি ওয়ানডে সিরিজ জিতে এই আসরে খেলতে নামছে তারা। এর মধ্যে দু’টি সিরিজ ছিল শ্রীলঙ্কার বিপক্ষে এবং অন্যটি ভারতের বিপক্ষে।

শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিসও আশাবাদী। তিনি বলেন, ‘বিশ্বকাপ সামনে রেখে আমাদের পরিকল্পনা রয়েছে। আশা করি, এই সিরিজে দল ভালো উন্নতির প্রমাণ দেবে।’

ত্রিদেশীয় সিরিজের সূচি :

১৮ অক্টোবর : পাকিস্তান বনাম শ্রীলঙ্কা, রাওয়ালপিন্ডি

২০ অক্টোবর : পাকিস্তান বনাম ইংল্যান্ড, রাওয়ালপিন্ডি

২২ অক্টোবর : ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা, রাওয়ালপিন্ডি

২৫ অক্টোবর : পাকিস্তান বনাম ইংল্যান্ড,    লাহোর

২৭ অক্টোবর : পাকিস্তান বনাম শ্রীলঙ্কা, লাহোর

২৯ অক্টোবর : ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা, লাহোর

৩১ অক্টোবর : ফাইনাল, লাহোর

সূত্র : বাসস