
সংযুক্ত আরব আমিরাতে চলমান ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে লিটন দাসের পরিবর্তে পারভেজ হোসেন ইমনকে দলে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজের অপর দুই দল আফগানিস্তান ও জিম্বাবুয়ে।
কোমরের চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন বাংলাদেশ ওয়ানডে দলের নিয়মিত অধিনায়ক লিটন।
২৪ বছর বয়সী ইমন এখন পর্যন্ত তিনটি ওয়ানডে খেলেছেন। গত বছর শ্রীলঙ্কার বিপক্ষে এই ফর্মেটে অভিষেক হয় তার। তবে বাংলাদেশের টি-টোয়েন্টি দলের নিয়মিত সদস্য ইমন এ পর্যন্ত ৪০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।
আজ বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় জাতীয় দলের ফিজিওথেরাপিস্ট বায়েজিদুল ইসলাম লিটনের না খেলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গতকাল কোমরের ডানদিকে অস্বস্তির কথা জানিয়েছিলেন এই ব্যাটার।
বায়েজিদুল বলেন, ‘এরপর আমরা তার এমআরআই করাই। এমআরআই টেস্টে কোমরের ডানদিকে কিছু সমস্যা ধরা পড়ে।’
তিনি আরো বলেন, ‘এরপরও আজ ফিটনেস পরীক্ষা দিয়ে খেলার চেষ্টা করেছিলেন লিটন। কিন্তু আমাদের নির্ধারিত ফিটনেসের মান পূরণ করতে পারেননি তিনি। এ কারণেই এই সিরিজে খেলতে পারছেন না লিটন।’ বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








