
দীর্ঘ বিরতি শেষে ওয়ানডে ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে শনিবার জিম্বাবুয়ের মুখোমুখি হবে লিটন দাসের দল। আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় শুরু হবে ম্যাচটি।
গত জুলাইয়ের পর আর ওয়ানডে খেলা হয়নি বাংলাদেশের। দীর্ঘ বিরতির পর মাঠে ফেরার ম্যাচে তাই নিজেদের ছন্দ ফিরে পাওয়ার চ্যালেঞ্জও থাকবে টাইগারদের সামনে। তবে চোটের কারণে এই সিরিজের দলে নেই পেসার নাহিদ রানা।
পেস আক্রমণে তাই তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামের জায়গা অনেকটাই নিশ্চিত বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে সাম্প্রতিক সময়ে ছন্দে না থাকা মোস্তাফিজুর রহমানের পরিবর্তে একাদশে দেখা যেতে পারে হাসান মাহমুদকে।
একাদশে স্পিনার আলিস আল ইসলামের সুযোগ পাওয়ার সম্ভাবনা জোরাল। তার সাথে থাকতে পারেন রিশাদ হোসেন। তবে জ্বরে আক্রান্ত মেহেদী মিরাজ যদি খেলেন, তবে দু’জনের যেকোনো একজনকে বসে যেতে হতে পারে।
ব্যাটিং বিভাগ নিয়েই বাংলাদেশের দুশ্চিন্তা বেশি। ওপেনিংয়ে তানজিদ হাসান তামিমের সঙ্গী হিসেবে সৌম্য সরকার কিংবা সাইফ হাসানের মাঝে একজনকে বেছে নিতে পারে টিম ম্যানেজমেন্ট। অসুস্থতা কাটিয়ে সর্বশেষ টেস্টে দলে ফেরা নাজমুল হোসেন শান্তকে দেখা যেতে পারে তিন নম্বরে।
এরপর ব্যাটিংয়ের দায়িত্ব সামলাবেন তাওহীদ হৃদয়, অধিনায়ক ও উইকেটরক্ষক লিটন দাস এবং মোসাদ্দেক হোসেন সৈকত। তবে ম্যাচের আগে টিম ম্যানেজমেন্টের চূড়ান্ত সিদ্ধান্তেই নিশ্চিত হবে একাদশ।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন দাস (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, আলিস আল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








