
লড়াই শুরুর আগেই নিজেদের এগিয়ে রাখল আফগানিস্তান। বাংলাদেশ ও জিম্বাবুয়েকে নিয়ে শুরু হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজে ট্রফি জয়ের দৌড়ে নিজেদেরই ফেভারিট মনে করছেন আফগান অধিনায়ক রহমত শাহ।
তার যুক্তি, আবুধাবির কন্ডিশন আফগানদের পরিচিত, এই মাঠে নিয়মিতই খেলেন তারা। ফলে তার দল পাবে বাড়তি সুবিধা। তবে ফেভারিটের তকমা নিজেদের গায়ে লাগালেও বাংলাদেশ ও জিম্বাবুয়েকে সমীহ করছেন রহমত।
দুই দলের স্কোয়াডে অভিজ্ঞতা ও তারুণ্যের ভালো সমন্বয় আছে, ব্যাটিং-বোলিং দুই বিভাগেই তারা শক্তিশালী- তাই সিরিজে কঠিন প্রতিদ্বন্দ্বিতারই প্রত্যাশা আফগান অধিনায়কের।
শুক্রবার ট্রফি উন্মোচন অনুষ্ঠানে ফেভারিট নিয়ে প্রশ্ন করা হলে রহমত বলেন, ‘আমার মনে হয় আফগানিস্তানই ফেভারিট। কারণ আমরা এখানেই বেশিভাগ ম্যাচ খেলি, এটা আমাদের হোম কন্ডিশন। বাংলাদেশ ও জিম্বাবুয়েও ভালো দল। তবে হোম কন্ডিশন বিবেচনায় আমরা এগিয়ে থাকব।’
প্রতিপক্ষ দুই দলের শক্তি নিয়েও সতর্ক রহমত। তিনি বলেন, ‘দুই দলই তাদের সেরা স্কোয়াড নিয়ে এসেছে। ব্যাটিং ও বোলিং দুই দিক থেকেই তারা ভালো দল। তাই ভালো প্রতিদ্বন্দ্বিতা হবে।’
আজ আবুধাবিতে বাংলাদেশ ও জিম্বাবুয়ের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে তিন দলের ওয়ানডে সিরিজ। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৫টায় মাঠে নামবে লিটন দাসের দল।
এরপর ২১ অক্টোবর আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। তিন দলের লড়াই শেষে পয়েন্ট ও রানরেটের হিসাবে এগিয়ে থাকা দুই দল খেলবে ফাইনাল।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








