
প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।
বেঙ্গালুরুতে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে সিরিজের শেষ টি-টোয়েন্টি।
ব্যাটার-বোলারদের দারুণ নৈপুণ্যে ৮ উইকেটের জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করে ভারত। পরের ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ায় ওয়েস্ট ইন্ডিজ। ভারতের ছুঁড়ে দেয়া ২৫০ রানের টার্গেট ৯ বল বাকি রেখে ৬ উইকেটের জয় তুলে নেয় ক্যারিবীয়রা। ১০২ রানের ইনিংস খেলে ওয়েস্ট ইন্ডিজের জয়ে বড় অবদান রাখেন অধিনায়ক শাই হোপ।
তৃতীয় ম্যাচে আবারো ২০০-র বেশি রান করে ১৪ রানে জয় পায় ভারত। ২-১ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ জয়ের স্বপ্ন দেখতে শুরু করে টিম ইন্ডিয়া। কিন্তু চতুর্থ ম্যাচে আবারো হোপের দুর্দান্ত সেঞ্চুরিতে ম্যাচ জিতে সিরিজে ২-২ সমতা ফেরায় ওয়েস্ট ইন্ডিজ। এবারো অপরাজিত ১০২ রানের ইনিংস খেলেন হোপ।
শেষ ম্যাচও জিতে সিরিজ জয়ের স্বাদ পেতে চায় ওয়েস্ট ইন্ডিজ। দলের অধিনায়ক হোপ বলেন, ‘দুবার পিছিয়ে পড়েও আমরা দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছি। দলের সবার আত্মবিশ্বাস তুঙ্গে। শেষ ম্যাচও জিততে মরিয়া সবাই। ভারতের বিপক্ষে শেষ ম্যাচেও আমরা আগ্রাসী ক্রিকেট খেলব। ম্যাচ ও সিরিজ জিতে ভারত সফর শেষ করতে চাই।’
শেষ ম্যাচ জিতে সিরিজ জিততে মরিয়া ভারত। দলের অধিনায়ক শ্রেয়াস আইয়ার বলেন, ‘পুরো সিরিজে আমরা ভালো ক্রিকেট খেলেছি। ওয়েস্ট ইন্ডিজও ভালো ক্রিকেট খেলেছে। এখন শেষ ম্যাচটি দুই দলের জন্য মূল পরীক্ষা। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আমরা মাঠে নামব।’ বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








