
এক নতুন চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে লিটন দাস। টি-টোয়েন্টির পর এবার ওয়ানডের নেতৃত্বের ভারও চেপেছে তার কাঁধে। সেই পথচলার প্রথম পরীক্ষায় নামার আগে দলের প্রত্যেককে নিজেদের দায়িত্ব বুঝিয়ে দেয়া হয়েছে।
লিটনের জন্য নেতৃত্বের মঞ্চটা নতুন নয়, নতুন শুধু দায়িত্বের ধরন। আগেও ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন তিনি। তবে এবার নিয়মিত অধিনায়ক হিসেবে মাঠে নামছেন লিটন।
নেতৃত্ব বদল হলেও ইতিবাচক প্রত্যাশাই রাখছেন মোসাদ্দেক হোসেন সৈকত। জাতীয় দলের এই অলরাউন্ডার গণমাধ্যমকে বলেন, ‘গতকাল রাতেও আমাদের মধ্যে আলাপ-আলোচনা হয়েছে। সবাইকে সবার দায়িত্ব বুঝিয়ে দেয়া হয়েছে।’
তিনি বলেন, ‘সবাই সবার দায়িত্বের জায়গা থেকে খুবই পরিষ্কার। লিটনকে আমরা সবাই আগে থেকেই চিনি, খুবই এক্সাইটেড সবাই। সে উইকেটের পেছনে দাঁড়িয়ে যেভাবে খেলাটা বুঝতে পারে, এগুলো সুবিধাজনক। সে অধিনায়ক হিসেবে ভালো করবে। এখন দল হিসেবে আমরা সেটা মাঠে প্রমাণ করব ইনশাআল্লাহ।’
তবে শুধু নতুন অধিনায়ককে ঘিরে নয়, নিজেদের ক্রিকেট দিয়েই পুরো দলের সামর্থ্য দেখাতে চান মোসাদ্দেক। তার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, দল হিসেবে নিজেদের পরিকল্পনা ঠিকভাবে বাস্তবায়ন করা।
মোসাদ্দেক বলেন, ‘যদি মাঠের ক্রিকেটটা ভালো খেলতে পারি, সেখানেই প্রমাণ করে দেওয়া যাবে আমরা কতটা ভালো দল। ক্রিকেটটা দলগত খেলা, এখানে দল হিসেবে কত ভালো করতে পারছি, সেটাই আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’
আবুধাবির গরমও বাংলাদেশের জন্য আলাদা পরীক্ষা। টেস্টের পর এবার ওয়ানডে সিরিজ খেলতে যাওয়া ক্রিকেটারদেরও দ্রুত কন্ডিশনের সাথে মানিয়ে নিতে হচ্ছে। প্রথম ম্যাচের আগে অনুশীলনের মধ্য দিয়েই সেই ঘাটতি কাটিয়ে ওঠার লক্ষ্য মোসাদ্দেকদের।
তিনি আরো বলেন, ‘চ্যালেঞ্জ তো অবশ্যই থাকবে। আমাদের দেশ থেকে এখানে গরম বেশি। আজকের আবহাওয়া একটু বেশি গরম। সেখানে আমরা যারা পরে এসেছি, তারা মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। আজকে ও কালকের অনুশীলনে আমার কাছে মনে হয়, প্রথম ম্যাচের আগে এখানে মানিয়ে নিতে পারব।’
উল্লেখ্য, আগামী ১৭ অক্টোবর আবুধাবিতে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করবে বাংলাদেশ। ১৯ অক্টোবর একই ভেন্যুতে মুখোমুখি হবে আফগানিস্তান ও জিম্বাবুয়ে। ২১ অক্টোবর শারজায় আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
এরপর ২৩ অক্টোবর একই ভেন্যুতে হবে ফাইনাল। লিগ পর্বে প্রতিটি দল একে অপরের বিপক্ষে একবার করে খেলবে। সেরা দুই দল উঠবে ফাইনালে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








