ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে বাংলাদেশকে হারাল দক্ষিণ আফ্রিকা। সংগৃহীত

সেমিফাইনালে যেতে ১১.৫ ওভারে করতে হতো ২১১ রান। কঠিন সেই সমীকরণ মেলানো তো দূরের কথা, দক্ষিণ আফ্রিকা লিজেন্ডসের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ চ্যাম্পিয়ন্স। 

Advertisement

ব্যাটিং বিপর্যয়ে বড় হারে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস থেকে বিদায় নিয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। শারজায় দক্ষিণ আফ্রিকা লিজেন্ডসের কাছে ৮৮ রানে হেরেছে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স। 

বুধবার আগে ব্যাট করে ৩ উইকেটে ২১০ রান তোলে দক্ষিণ আফ্রিকা। জবাবে ১৮.৫ ওভারে ১২২ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। গত ম্যাচে ভারতের বিপক্ষে পাওয়া একমাত্র জয়টাই হয়ে থাকল টুর্নামেন্টে বাংলাদেশের প্রাপ্তি।

এদিন টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতে ধাক্কা খেলেও দ্রুত ঘুরে দাঁড়ায় দক্ষিণ আফ্রিকা। ফাফ দু প্লেসি ও এবি ডি ভিলিয়ার্সের উইকেট হারানোর পর বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হন জেপি ডুমিনি। 

ওয়েন পারনেল ১৩ বলে ২২ রান করে ফিরলেও ডুমিনির আক্রমণ থামানো যায়নি। পরে মর্ন ভন উইক ১৯ বলে ৩০ রান করে ফিরলে ক্রিজে এসে ইনিংসের গতি ধরে রাখেন কলিন ইনগ্রাম।

শেষ পর্যন্ত ডুমিনির ঝোড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা। ৪৯ বলে ৮৯ রানে অপরাজিত থাকেন তিনি। বাংলাদেশের হয়ে ১টি করে উইকেট নেন রুবেল হোসেন, আবু জায়েদ চৌধুরী ও কামরুল ইসলাম রাব্বি।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দলীয় ৪ রানের মধ্যেই হারায় প্রথম ২ উইকেট। দুই অঙ্কের ঘরে পৌঁছানোর আগেই সাজঘরে ফেরেন তিন ব্যাটার। একের পর এক উইকেট হারিয়ে দ্রুতই ম্যাচ থেকে ছিটকে পড়ে দল।

দলীয় ২৯ রানে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বিদায় নিলে পরিস্থিতি আরো কঠিন হয়ে ওঠে। ২৬ বলে ৩৭ রান করে বাংলাদেশের সর্বোচ্চ স্কোরার তিনি। শেষদিকে আরাফাত সানি ৩০ বলে ৩১ রান করেন।

ফলে সেমিফাইনালে উঠতে ১১.৫ ওভারে ২১১ রান করার কঠিন সমীকরণ পূরণ করতে পারেনি বাংলাদেশ। ব্যাটিং ধসে বড় হারের সাথে শেষ হয়েছে শেষ চারে ওঠার আশাও।

এই পরাজয়ে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে বাংলাদেশের অভিযানও থেমে গেল হতাশায়। ৬ ম্যাচে বাংলাদেশের জয় কেবল মাত্র ১টি। অভিষেক আসরে এটাই বাংলাদেশের প্রাপ্তি।