বিগ ব্যাশে আবারো রিশাদ, জাম্পার সাথে গড়বেন জুটি
রিশাদ হোসেন। সংগৃহীত

বিগ ব্যাশে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে আবারো হোবার্ট হারিকেন্সে জায়গা ধরে রাখলেন রিশাদ হোসেন। বাংলাদেশের এই লেগ স্পিনারকে বিবিএলের ১৬তম আসরের জন্য দলে রেখেছে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজিটি।

Advertisement

তবে এবার হোবার্টের স্পিন আক্রমণে যোগ হয়েছেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ লেগ স্পিনার অ্যাডাম জাম্পাও। ফলে নতুন মৌসুমে একই দলের হয়ে দুই লেগ স্পিনারের খেলা দেখার অপেক্ষা তৈরি হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রিশাদকে ধরে রাখার বিষয়টি নিশ্চিত করেছে হোবার্ট হারিকেন্স। আগামী ১২ ডিসেম্বর শুরু হবে বিগ ব্যাশের নতুন আসর। টুর্নামেন্টে গত মৌসুমের পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখাই এখন রিশাদের লক্ষ্য।

হোবার্টের হয়ে গত মৌসুমে দারুণ পারফরম্যান্স করেন রিশাদ। ১২ ম্যাচে ১৫ উইকেট নিয়ে দলটির সর্বোচ্চ উইকেটশিকারি হন তিনি। তার বোলিং গড় ছিল ২০.৮৬, ইকোনমি রেট ৭.৮২। 

সেরা বোলিং ছিল ২৬ রানে ৩ উইকেট। এমন পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে মৌসুম শেষে হোবার্টের বর্ষসেরা খেলোয়াড়ও নির্বাচিত হন বাংলাদেশের এই স্পিনার। ফলে আসন্ন আসরেও ফ্রাঞ্চাইজিটি ধরে রাখছে তাকে।

রিশাদকে দলে ধরে রাখার ক্ষেত্রে তার নিজের আগ্রহও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন হোবার্টের হাই পারফরম্যান্স বিভাগের ম্যানেজার সালিয়ান বিমস। তার ভাষ্য, গত মৌসুমে হোবার্টে রিশাদের সময়টা ভালো কেটেছে। তিনি আবারো ফিরতে চান, সেটিও আগেই জানিয়েছিলেন।

নতুন মৌসুমে অ্যাডাম জাম্পার অন্তর্ভুক্তি হোবার্টের বোলিং আক্রমণে বাড়তি অভিজ্ঞতা যোগ করবে। আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘদিনের অভিজ্ঞ জাম্পার সাথে রিশাদের লেগ স্পিনের সমন্বয় মাঝের ওভারগুলোতে দলটিকে বাড়তি সুবিধা দিতে পারে। তবে দুই স্পিনারকে কিভাবে কাজে লাগায় হোবার্ট, সেটিই হবে নতুন মৌসুমের অন্যতম দেখার বিষয়।

বিগ ব্যাশে রিশাদের পথচলা অবশ্য শুরু হয়েছিল আরো আগে। ১৪তম আসরের ড্রাফটে প্রথমবার তাকে দলে নিয়েছিল হোবার্ট। তবে বিপিএলের ব্যস্ততায় সেবার দলের সাথে যোগ দেয়া হয়নি তার।

পরের মৌসুমে আবারো সুযোগ পেয়ে নিজের সামর্থ্যের প্রমাণ দেন বাংলাদেশের এই স্পিনার। এবারো সেই পারফরম্যান্স ধরে রেখে হোবার্টের আস্থার প্রতিদান দিতে চাইবেন তিনি।