আফগানিস্তান, বাংলাদেশ
বাংলাদেশী বোলারদের ওপর চাপ বাড়াচ্ছেন আফগান ব্যাটাররা। ক্রিকইনফো

আবুধাবি টেস্টে জয়ের জন্য শেষ বিকেলে সময়ের সাথে পাল্লা দিতে হচ্ছে বাংলাদেশকে। দিনের খেলা শেষ হতে বাকি আর মাত্র ১৩ ওভার, এর মাঝেই তুলে নিতে হবে আফগানিস্তানের ৩ উইকেট। অন্যথায় ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হবে।

Advertisement

৪৭৯ রানের বড় লক্ষ্য ছুড়ে দিয়ে জয়ের সম্ভাবনা তৈরি করলেও আফগানিস্তানের প্রতিরোধে এখনো নিশ্চিত হয়নি বাংলাদেশের জয়। শেষ বিকেলের এই লড়াইয়ে তাই প্রতিটি বলই হয়ে উঠেছে গুরুত্বপূর্ণ।

বাংলাদেশের প্রথম ইনিংসের ৩৪৬ রানের জবাবে ২৪০ রানে অলআউট হয়েছিল আফগানরা। এরপর দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ৩৭২ রান তুলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। তাতে স্বাগতিকদের সামনে জয়ের জন্য প্রয়োজন হয় ৪৭৯ রান।

তবে বড় লক্ষ্য তাড়া করতে নেমেও সহজে হার মানেনি আফগানিস্তান। চতুর্থ দিন শেষে ৩ উইকেটে ১৩২ রান নিয়ে দিন শেষ করেছিল তারা। পঞ্চম দিনে এসেও ব্যাটারদের প্রতিরোধে দীর্ঘ হচ্ছে বাংলাদেশের অপেক্ষা। 

আফগানিস্তানের প্রতিরোধের বড় অংশজুড়ে ছিলেন সেদিকুল্লাহ আতাল। ধৈর্যশীল ব্যাটিংয়ে তিনি তুলে নেন টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। তার ৩৩২ বলে ১১১ রানের ইনিংস বাংলাদেশের জয়ের পথ কঠিন করে তুলেছে।

এর আগে রহমত শাহর অর্ধশতকও স্বাগতিকদের আশা জুগিয়েছিল। ফিফটি করেন হাশমতুল্লাহ শাহিদিও। ইকরাম আলিখিলও ধৈর্যশীল ব্যাটিং উপহার দেন। ফলে ম্যাচের শেষ ভাগে এসে জয়ের জন্য বোলারদের ওপর চাপ বাড়ছে। 

অবশ্য ম্যাচ হারের কোনো সম্ভাবনা নেই। জয় থেকে এখনো ১৭২ রান দূরে আফগানিস্তান। এখন পর্যন্ত ৭ উইকেটে ৩০৭ রান তুলেছে স্বাগতিকরা। কায়েস আহমেদ ২৪ ও ইয়ামিন ৭ রানে ব্যাট করছেন।