ইবাদতের আঘাতে স্বস্তি নিয়ে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ
বাংলাদেশ-আফগানিস্তান টেস্টের পঞ্চম দিন। সংগৃহীত

মধ্যাহ্ন বিরতির আগ মুহূর্তে আফগানিস্তানের প্রতিরোধে আঘাত হেনেছে বাংলাদেশ। থিতু হয়ে যাওয়া ইকরাম আলিখিলকে ফিরিয়ে চতুর্থ উইকেটটি তুলে নিয়েছেন ইবাদত হোসেন। ফলে ম্যাচের নিয়ন্ত্রণ আরো কিছুটা বাংলাদেশের দিকে ঢলে পড়েছে।

Advertisement

মঙ্গলবার পঞ্চম দিনের মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার সময় আফগানিস্তানের দ্বিতীয় ইনিংসে রান ৭৯ ওভারে ৪ উইকেটে ২০৩। জিততে হলে তাদের এখনো করতে হবে ২৭৬ রান। বাংলাদেশের প্রয়োজন আর ৬ উইকেট। হাতে রয়েছে ম্যাচের শেষ দুই সেশন।

ইকরামকে ফেরানোর কৃতিত্ব অবশ্য শুধু ইবাদতের নয়, উইকেটের পেছনে অসাধারণ ক্যাচ নিয়ে লিটন দাসও বড় ভূমিকা রেখেছেন। কোমর বরাবর ইবাদতের শর্ট বল পুল করতে গিয়ে গ্লাভসে লাগিয়ে ফেলেন ইকরাম। 

বলটি লিটনের ডান দিকে যাচ্ছিল, কিন্তু ঝাঁপিয়ে পড়ে সেটি তালুবন্দি করেন বাংলাদেশের উইকেটকিপার। ৬৯ বলে ৩৩ রান করে ফেরেন ইকরাম। ভাঙে আতালের সাথে তার গড়া ১৪৭ বলে ৬৬ রানের জুটি।

অবশ্য বাংলাদেশ উইকেটের দেখা পেয়েছে ৯২ রানের পর। মূলত আতালের সাথে মিলে আজ শেষ দিনের খেলা শুরু করেছিলেন হাশমতুল্লাহ শাহিদি। তবে মেহেদী মিরাজের করা ৫২তম ওভারের চতুর্থ বলে সিঙ্গেল নিতে গেলে ফিল্ডারের থ্রো এসে লাগে শাহিদির ডান হাঁটুতে।

ব্যথায় মাঠেই লুটিয়ে পড়েন আফগান অধিনায়ক। পরে সতীর্থদের সহায়তায় মাঠ ছাড়েন তিনি, হন রিটায়ার্ড হার্ট। তার জায়গায় নামেন ইকরাম আলিখিল। এরপর আতালের সাথে মিলে প্রতিরোধ গড়েন ইকরাম।

সেই ইকরামকে ফিরিয়ে মধ্যাহ্ন বিরতির আগে দিনের প্রথম উইকেটের দেখা পেয়েছে বাংলাদেশ। তবে আফগানদের লড়াই শেষ হয়ে যায়নি। ওপেনার সেদিকউল্লাহ আতাল এক প্রান্ত আগলে রেখেছেন। বিরতির আগে তিনি অপরাজিত ছিলেন ৬৬ রানে। তার সাথে ছিলেন ইসমত আলম (০)।

এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল ৩৪৬ রান। জবাবে হাসান মাহমুদের হ্যাটট্রিকসহ দুর্দান্ত বোলিংয়ে আফগানিস্তান গুটিয়ে যায় ২৪০ রানে। সেখান থেকেই ১০৬ রানের লিড পায় বাংলাদেশ।

এরপর দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ যোগ করে ৭ উইকেটে আরো ৩৭২ রান। প্রথম ইনিংসে ১০৬ রানের লিড থাকায় আফগানিস্তানের সামনে দাঁড়ায় ৪৭৯ রানের বিশাল লক্ষ্য। জবাবে ৩ উইকেটে ১৩২ রান নিয়ে চতুর্থ দিন শেষ করেছিল আফগানিস্তান।