শ্রীলঙ্কা, কুশল মেন্ডিস
শ্রীলঙ্কা দলে সতীর্থদের সাথে কুশল মেন্ডিস। ফাইল ছবি

আবারো এক অধিনায়কের যুগে প্রবেশ করল শ্রীলঙ্কা। ধানাঞ্জায়া ডি সিলভা দায়িত্ব ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যে টেস্ট দলের নেতৃত্বের জন্যও কুশল মেন্ডিসকে বেছে নিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। 

Advertisement

কুশল মেন্ডিস আগে থেকেই ওয়ানডে ও টি-টোয়েন্টির দায়িত্বে ছিলেন। ধানাঞ্জায়া ডি সিলভা দায়িত্ব ছাড়ার পর এবার ক্রিকেটের অভিজাত সংস্করণের নেতৃত্বভারও তার কাঁধে তুলে দেয়া হলো।

পাকিস্তানের বিপক্ষে নভেম্বরের টেস্ট সিরিজ দিয়ে নতুন দায়িত্ব শুরু করবেন ৩১ বছর বয়সী কিপার-ব্যাটসম্যান মেন্ডিস। রাওয়ালপিন্ডিতে প্রথম ম্যাচ শুরু ৯ নভেম্বর। দ্বিতীয়টি লাহোরে, শুরু ১৭ নভেম্বর।

নেতৃত্বভার ‘পরবর্তী প্রজন্মের হাতে তুলে দেয়ার’ ইচ্ছা থেকে বৃহস্পতিবার টেস্ট দলের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ধানাঞ্জায়া। পরে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) প্রধান কার্যালয়ে নির্বাচক কমিটি সভা ডেকে নতুন অধিনায়ক নিয়োগ দেয়। ফলে শ্রীলঙ্কার ১৯তম টেস্ট অধিনায়ক হন মেন্ডিস।

গত মে মাসে মেন্ডিসকে সাদা বলের দুই সংস্করণে অধিনায়ক করে শ্রীলঙ্কা। সবকিছু ঠিক থাকলে, এবার পাকিস্তান সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টির পাশাপাশি প্রথমবারের মতো টেস্ট দলের অধিনায়কত্ব করতে দেখা যাবে তাকে।

দেশের হয়ে এখন পর্যন্ত ৭৫ টেস্ট খেলেছেন তিনি। ১০ সেঞ্চুরি ও ২৩ ফিফটিতে করেছেন চার হাজার ৮৩৬ রান, ব্যাটিং গড় ৩৬.৩৬। ১৫৯ ওয়ানডেতে তার রান পাঁচ হাজার ১৬০, সেঞ্চুরি সাতটি ও ফিফটি ৩৬টি। আর ১০৯ টি-টোয়েন্টিতে করেছেন দুই হাজার ৬৯৪ রান, সেঞ্চুরি নেই একটিও, ফিফটি ২০টি।