
আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের একমাত্র টেস্টের ধারাভাষ্য প্যানেলে চমক রেখেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। ছয় সদস্যের প্যানেলে বাংলাদেশের প্রতিনিধি মাত্র একজন, মাজহার উদ্দিন অমি।
আবুধাবিতে শুরু হতে যাওয়া টেস্টের জন্য বৃহস্পতিবার সকালে ধারাভাষ্য প্যানেল প্রকাশ করে এসিবি। যেখানে ঠাঁই হয়নি বাংলাদেশের পরিচিত দুই ধারাভাষ্যকার আতহার আলী খান ও শামীম চৌধুরীর।
একমাত্র বাংলাদেশী ধারাভাষ্যকার মাজহার উদ্দিন অমির সাথে প্যানেলে রয়েছেন পাকিস্তানের রমিজ রাজা, শ্রীলঙ্কার ফারভিজ মাহারুফ, আয়ারল্যান্ডের অ্যান্ড্রু লিওনার্ড এবং আফগানিস্তানের আহমেদ ফরহাদ ফিদাই ও নাভিন উল হক।
তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে এখনো সক্রিয় আফগান ক্রিকেটার নাভিন উল হকের অন্তর্ভুক্তি। ২৭ বছর বয়সী এই আফগান পেসার এখনো সক্রিয় ক্রিকেটার। বর্তমানে জাতীয় দলের বাইরে থাকলেও নিয়মিত বিভিন্ন প্রতিযোগিতায় খেলছেন তিনি।
আগামীকাল শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ১২টায় মাঠে গড়াবে বাংলাদেশ ও আফগানিস্তানের একমাত্র টেস্ট। আফগানিস্তান এই টেস্টের আয়োজক হলেও খেলা হবে আবুধাবিতে। ভেন্যুটি আফগানিস্তান ক্রিকেট বোর্ড ভাড়া নিয়ে ব্যবহার করছে।
এই ম্যাচে নতুন অভিজ্ঞতার মুখোমুখি হবে বাংলাদেশও। আফগানিস্তানের বিপক্ষে আগেও টেস্ট খেলেছে টাইগাররা, তবে সেগুলো ছিল বাংলাদেশের মাটিতে। এবারই প্রথম কোনো নিরপেক্ষ ভেন্যুতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








