বাংলাদেশ বনাম আফগানিস্তান টেস্ট, বাংলাদেশ ক্রিকেট দল, আফগানিস্তান ক্রিকেট দল, ফিল সিমন্স, আবুধাবি টেস্ট, শেখ জায়েদ স্টেডিয়াম, আবুধাবির গরম, বাংলাদেশের টেস্ট প্রস্তুতি
ফিল সিমন্স। সংগৃহীত

একদিন পরই আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। আরব আমিরাতের মাটিতে এই প্রথম সাদা পোশাকে মাঠে নামছে টাইগাররা। তবে ঐতিহাসিক ম্যাচের আগে বড় চিন্তা হয়ে দাঁড়িয়েছে আবুধাবির তীব্র গরম আবহাওয়া।

Advertisement

বাংলাদেশ দলের একাংশ গত ১ অক্টোবর আবুধাবিতে পৌঁছালেও এশিয়ান গেমস শেষে জাপান থেকে সরাসরি যোগ দিয়েছেন কয়েকজন ক্রিকেটার। জাপানের ৩০ ডিগ্রির নিচের তাপমাত্রা থেকে হুট করে প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াসের আবহাওয়ায় এসে মানিয়ে নেয়াটা তাদের জন্য কঠিন হয়ে উঠেছে।

তার ওপর জাপান থেকে আসা ক্রিকেটাররা সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচেও খেলতে পারেননি। ফলে টেস্টের আগে মাত্র দুই দিন অনুশীলনের সুযোগ পেয়েছেন তারা। বিষয়টি নিয়ে উদ্বেগের কথা জানিয়েছেন প্রধান কোচ ফিল সিমন্স।

বুধবার (৭ অক্টোবর) আবুধাবিতে অনুশীলনের ফাঁকে সিমন্স বলেন, ‘এই মুহূর্তে এটাই একমাত্র সমস্যা। যারা জাপান থেকে এসেছে, সেখানে তেমন কিছু না করেই তাদের এই আবহাওয়ায় এসে দুই দিন কাটাতে হচ্ছে। তারা কিভাবে এখানকার পরিবেশের সাথে মানিয়ে নেয়, সেটাই দেখার বিষয়।’

তবে শিষ্যদের মানসিক শক্তির ওপর আস্থা রাখছেন বাংলাদেশ কোচ। তিনি বলেন, ‘শেষ পর্যন্ত এটা মানসিক ব্যাপারও। কিভাবে তারা নিজেদের মানিয়ে নেয়, সেটাই গুরুত্বপূর্ণ। আজ অবশ্য তাদের ভালোই মনে হয়েছে। গরমের মাঝে প্রথম দিন হিসেবে তারা ভালো করেছে। তাই আমি নিশ্চিত, তারা দ্রুতই নিজেদের ভালোভাবে মানিয়ে নিতে পারবে।’

আফগানিস্তানের বিপক্ষে এর আগে দুইটি টেস্ট খেলেছে বাংলাদেশ। একটিতে জয়, অন্যটিতে হার। এবার আবুধাবির উইকেটে স্পিনারদের সামলানোও বড় পরীক্ষা হতে পারে। সিমন্স অবশ্য উইকেট নিয়ে আপাতত সন্তুষ্ট।

তিনি বলেন, ‘আমি উইকেট দেখেছি। ভালোই মনে হচ্ছে। একটু ধীরগতির হতে পারে, তবে ভালো উইকেট বলেই মনে হচ্ছে। আমরা ভালো উইকেটের জন্যই প্রস্তুতি নিচ্ছি। আমরা জানি, বেশ কয়েকজন স্পিনারের বিপক্ষে আমাদের খেলতে হবে। সেসব মাথায় রেখেই প্রস্তুতি নিচ্ছি, আর প্রস্তুতিও ভালো হয়েছে।’

উল্লেখ্য, আগামীকাল শুক্রবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা ১১টায়।