
আইএলটি-টোয়েন্টির পর এবার এসএ- টোয়েন্টির নিলামেও হতাশ হতে হলো বাংলাদেশকে। দক্ষিণ আফ্রিকান ফ্র্যাঞ্চাইজি লিগের পঞ্চম আসরের নিলামে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি নাহিদ রানাও দল পাননি। তার প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্রাঞ্চাইজি।
এসএ-টোয়েন্টির পঞ্চম আসর শুরু হবে আগামী ১৭ জানুয়ারি, শেষ হবে ২১ ফেব্রুয়ারি ২০২৭। তার আগে বুধবার (৭ অক্টোবর) জোহানেসবার্গে বসেছিল এসএ-টোয়েন্টির পঞ্চম আসরের খেলোয়াড় নিলাম।
এসএ-টোয়েন্টির নিলামের চূড়ান্ত তালিকায় ছিলেন ১৫৬ ক্রিকেটার। তাদের মধ্যে ৬১ জন বিদেশী। সেই তালিকায় বাংলাদেশের একমাত্র ক্রিকেটার ছিলেন নাহিদ রানা। তার ভিত্তিমূল্য ছিল ১৫ লাখ দক্ষিণ আফ্রিকান র্যান্ড। ধারণা করা হচ্ছিল, হয়তো তিনি নজর কাড়বেন। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি।
নাহিদের পাশাপাশি জিম্বাবুয়ে ও যুক্তরাষ্ট্রের ক্রিকেটাররাও ছিলেন নিলামের তালিকায়। জিম্বাবুয়ের তিনজন ও যুক্তরাষ্ট্রের দুইজন ক্রিকেটার জায়গা পেয়েছিলেন চূড়ান্ত তালিকায়। তাদের থেকে দল পেয়েছেন একজন করে। জোবার্গ সুপার কিংস দলে নিয়েছে জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি ও যুক্তরাষ্ট্রের অ্যান্ড্রিজ গুজকে।
দল পেলেও এসএ-টোয়েন্টিতে নাহিদের খেলা নিয়ে অবশ্য সংশয় থাকত। নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) না পাওয়ায় এর আগে বিগ ব্যাশ থেকে পাওয়া প্রস্তাবও ফিরিয়ে দিতে হয়েছিল। সেই শঙ্কা থেকেও ফ্রাঞ্চাইজিগুলো আগ্রহ কম দেখাতে পারে।
তবে এসএ-টোয়েন্টিতে বাংলাদেশ একেবারে থাকছে না, তা নয়। নিলামের আগেই রিশাদ হোসেনকে দলে নিয়েছে সানরাইজার্স ইস্টার্ন কেপ। গত চার আসরের তিনটিতে শিরোপা জেতা দলটির হয়ে এবারই প্রথম এসএ-টোয়েন্টিতে খেলবেন কোনো বাংলাদেশী ক্রিকেটার।
আইএলটি-টোয়েন্টিতেও একই চিত্র দেখা গেছে। নিলাম থেকে কোনো বাংলাদেশী ক্রিকেটার দল পাননি। তবে নিলামের আগেই মোস্তাফিজুর রহমানকে দলে নেয় দুবাই ক্যাপিটালস।
অর্থাৎ বিদেশী ফ্র্যাঞ্চাইজি লিগে বাংলাদেশের প্রতিনিধিত্ব থাকছে, কিন্তু নিলামের মঞ্চে সরাসরি দল পাওয়ার ক্ষেত্রে এখনো পিছিয়েই বাংলাদেশী ক্রিকেটাররা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








