হারমানপ্রীত কৌর
হারমানপ্রীত কৌর। সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাটে ভারতের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ালেন অভিজ্ঞ ব্যাটার হারমানপ্রীত কৌর। সম্প্রতি তার নেতৃত্বে এশিয়ান গেমসে টানা দ্বিতীয়বারের মতো স্বর্ণপদক জিতেছে ভারত। 

Advertisement

গত বছর হারমানপ্রীতের নেতৃত্বে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতে ভারত। সাম্প্রতিক বছরগুলোতে দলের সাফল্যের প্রধান কান্ডারি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বার্তায় হারমানপ্রীত বলেন, ‘নেতৃত্ব ছাড়া সিদ্ধান্তটি মোটেও সহজ ছিল না। এর সাথে জড়িয়ে আছে বহু বছরের স্মৃতি, আবেগ, ত্যাগ এবং এমন সব মুহূর্ত যা সারাজীবন আমার সাথে থাকবে।’

তিনি আরো বলেন, ‘এই দল এবং ভারতীয় নারী ক্রিকেটের জন্য আমি আমার সবকিছু উজার করে দিয়েছি। রক্ত, ঘাম, সময় এবং আমার নিজের খেলা ও ব্যক্তিগত আকাঙ্ক্ষার অংশও।’

অধিনায়কত্ব ছাড়ালেও খেলা চালিয়ে যাবার কথা জানিয়েছেন হারমানপ্রীত। তিনি বলেন, ‘অধিনায়কত্বের অধ্যায় শেষ হলো। কিন্তু যাত্রা অব্যাহত থাকবে।’

গত জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা দ্বিতীয়বারের মতো গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় ভারত। এরপর থেকেই হারমানপ্রীতের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠে।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সোমবার ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আয়োজিত এক বৈঠকেও হারমানপ্রীতের নেতৃত্ব নিয়ে আলোচনা হয়েছিল।

ভারতকে পাঁচটি টেস্ট, ৫১টি ওয়ানডে এবং ১৫৫টি টি-টোয়েন্টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন হারমানপ্রীত। 

হারমানপ্রীতের জায়গায় ভারতের পরবর্তী অধিনায়ক হবার দৌড়ে এগিয়ে স্মৃতি মান্ধানা। এশিয়ান গেমসের ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ৪৫ বলে ৭৯ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেন তিনি। বাসস