
তবে কি ভারতীয় ক্রিকেটে সূর্যকুমার যাদব অধ্যায় একেবারে শেষ হয়ে গেল? জাতীয় দলে তো দীর্ঘদিন জায়গা পান না। এবার ঘরোয়া ক্রিকেট থেকেও ছেঁটে ফেলা হলো টি-২০ বিশ্বকাপজয়ী এই অধিনায়ককে।
মঙ্গলবার (৬ অক্টোবর) ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, সূর্য প্রবলভাবে চেয়েছিলেন দলে জায়গা পাবেন, কিন্তু ম্যানেজমেন্ট সেই অনুরোধে কর্ণপাত করেনি। দল নির্বাচনে গুরুত্ব দেয়া হয়েছে তরুণ মুখদের।
চণ্ডীগড়ের বিপক্ষে রনজি অভিযান শুরু করছে মুম্বাই। ৪২ বারের চ্যাম্পিয়নরা সোমবার সেই ম্যাচের দল ঘোষণা করেছে। তাতে নেই সূর্য।
সূত্র জানিয়েছে, রনজিতে খেলতে আগ্রহী ছিলেন সূর্য। নির্বাচকদের জানিয়েছিলেন, তাকে দলে রাখার জন্য, কিন্তু সেই আবেদনে সাড়া দেয়নি মুম্বাই। যদিও লাল বলের ক্রিকেটে কোনোদিনই খুব একটা বলার মতো পারফর্ম করেননি সূর্য। তবে রনজিজয়ী মুম্বাই দলে ছিলেন, কিন্তু এবার সম্ভবত রনজি দলের দরজাও চিরতরে বন্ধ হয়ে গেল তার জন্য।
মুম্বাইয়ের স্কোয়াডে রাখা হয়েছে টিম ইন্ডিয়ার তারকা ওপেনার যশস্বী জয়সওয়ালকে। নিউজিল্যান্ড সফরের প্রস্তুতি সেরে ফেলবেন তিনি। তবে চমকে দেয়া নাম আয়ুষ মাত্রে। অধিনায়ক হিসেবে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতিয়েছেন ভারতকে। তাকেই ভবিষ্যতের ক্যাপ্টেন ভাবছে মুম্বাই। মাত্র ১৯ বছর বয়সে তাকে রনজিতে সহ-অধিনায়ক করা হয়েছে। এখন পর্যন্ত ১৩টি ম্যাচ খেলেছেন আয়ুষ। কিন্তু এবার দলের গুরুদায়িত্ব তার তরুণ কাঁধে।
কিন্তু সূর্য? তাঁর ভবিষ্যৎ কী একেবারে অন্ধকার? মুম্বাইয়ের প্রধান নির্বাচক রাজেশ পওয়ার সাফ জানিয়ে দিয়েছেন, সাবেক ভারত অধিনায়ককে লাল বলের ক্রিকেটে ভালো ছন্দে ফিরতে হবে। তারপর ভেবে দেখা হবে, রনজি দলে তাকে জায়গা দেয়া যায় কিনা।
গত ১৮ মাস লাল বলের ক্রিকেট খেলেননি সূর্য। ভারতীয় দল থেকেও অলিখিতভাবে তার বিদায় হয়েই গেছে। টি-২০ অধিনায়ক হিসেবে দায়িত্ব নিয়েছেন শ্রেয়াস আইয়ার। ব্যাটার হিসাবেও দলে সূর্যর জায়গা নেই দীর্ঘ অফ ফর্মের কারণে। এবার ঘরোয়া ক্রিকেট থেকেও ক্রমে ব্রাত্য হয়ে পড়ছেন সূর্য। শেষবার তাকে খেলতে দেখা গিয়েছিল মুম্বাই টি-২০ লিগে, সেটাও মাসচারেক আগে। বিশ্বকাপজয়ী অধিনায়কের এমন দশায় মনখারাপ ক্রিকেটপ্রেমীদের। অনেকে তাই বলছেন- তাহলে কি ভারতীয় ক্রিকেটে ‘সূর্যাস্ত’ হয়ে গেল?
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








