পাকিস্তান, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস (ডব্লিউসিএল)
পাকিস্তান চ্যাম্পিয়ন্স। সংগৃহীত

টুর্নামেন্ট শুরু হয়ে গেছে, সূচিতে ছিল একের পর এক ম্যাচ। কিন্তু মাঠে নামার আগেই সরে দাঁড়াল পাকিস্তান চ্যাম্পিয়ন্স। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অনাপত্তিপত্র (এনওসি) না পাওয়ায় চলমান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস (ডব্লিউসিএল) থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে দলটি।

Advertisement

৩ অক্টোবর ভারত ও অস্ট্রেলিয়ার ম্যাচ দিয়ে শুরু হয়েছে এবারের আসর। পাকিস্তানেরও মাঠে নামার কথা ছিল। বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি স্থগিত হওয়ার পর আয়োজকরা পিসিবির সাথে সমঝোতার চেষ্টা চালান। এমনকি এনওসি পাওয়া গেলে পাকিস্তানের ম্যাচগুলো নতুন সূচিতে আয়োজনের প্রস্তুতিও ছিল। শেষ পর্যন্ত সেই চেষ্টা সফল হয়নি।

পাকিস্তান চ্যাম্পিয়ন্স এক বিবৃতিতে জানায়, পিসিবি প্রয়োজনীয় এনওসি দিতে অস্বীকৃতি বহাল রাখায় তাদের সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিতে হয়েছে। দলের মালিক কামিল খানও বোর্ডের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করেছিলেন ও অংশ নেয়ার বিষয়ে আলোচনা চালিয়ে গিয়েছিলেন। তবে কোনো সমঝোতা না হওয়ায় শেষ পর্যন্ত টুর্নামেন্ট থেকেই সরে যেতে হয়েছে তাদের।

এর পেছনে অবশ্য এক বছরের পুরোনো বিরোধের গল্প আছে। গত আসরে পাকিস্তানের সাথে গ্রুপ পর্বের ম্যাচ খেলতে অস্বীকৃতি জানিয়েছিল ভারত। পরে ম্যাচটি বাতিল হয়ে দুই দলকে একটি করে পয়েন্ট দেয়া হয়। সেমিফাইনালেও পাকিস্তানের বিপক্ষে খেলেনি ভারত; ওয়াকওভার পেয়ে ফাইনালে ওঠে পাকিস্তান। শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার কাছে হেরে রানার্সআপ হয় তারা।

সে ঘটনার পরই ডব্লিউসিএল আয়োজকদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয় পিসিবি। বোর্ড টুর্নামেন্টটিকে ‘ভণ্ডামি ও পক্ষপাতদুষ্ট’ বলে সমালোচনা করেছিল। খেলাধুলার সাথে রাজনীতি মেশানোর অভিযোগও তোলে তারা। একই সাথে ভবিষ্যতে এই আসরে পাকিস্তানের অংশগ্রহণ মেনে না নেয়ার কথাও জানানো হয়েছিল।

এবার সে অবস্থানেরই প্রভাব পড়ল পাকিস্তান চ্যাম্পিয়ন্সের ওপর। দলটির নেতৃত্ব দেয়ার কথা ছিল শহিদ আফ্রিদির। দলে ছিলেন শোয়েব মালিক, মোহাম্মদ হাফিজ, সরফরাজ আহমেদ ও ওয়াহাব রিয়াজের মতো সাবেক তারকারাও। কিন্তু তারকায় ঠাসা দলটি শেষ পর্যন্ত একটি ম্যাচও না খেলেই বিদায় নিল কিংবদন্তিদের এ আসর থেকে।

পাকিস্তান চ্যাম্পিয়ন্স তাদের বিবৃতিতে পিসিবির সিদ্ধান্তকে সম্মান করার কথা জানায়। তবে এ আসরে খেলোয়াড়দের প্রতিনিধিত্বের সুযোগ না পাওয়ায় হতাশাও প্রকাশ করেছে দলটি।