
এশিয়ান গেমস থেকে অসুস্থ হয়ে দেশে ফেরার পর আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে নাজমুল হোসেন শান্তর খেলা নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। সেই শঙ্কা এখন অনেকটাই কেটে গেছে। আজ সোমবার সন্ধ্যায় বাংলাদেশ দলের সাথে যোগ দিতে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে ঢাকা ছাড়ছেন টেস্ট অধিনায়ক।
এশিয়ান গেমসে জাপানের নাগোয়ায় জ্বরে আক্রান্ত হওয়ার পর দেশে ফেরেন শান্ত। ইনফ্লুয়েঞ্জা ও কোভিড-১৯ পরীক্ষার ফল নেগেটিভ এলেও ভাইরাল সংক্রমণের কারণে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছিলেন তিনি। তাই পাঁচ দিনের টেস্টের ধকল সামলানোর মতো ফিটনেস ফিরে পেয়েছেন কি না, সেটিই ছিল বড় প্রশ্ন।
শেষ পর্যন্ত রোববার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে ব্যাটিং অনুশীলনে ফেরেন শান্ত। অনুশীলনে কোনো শারীরিক অস্বস্তি না থাকায় তাকে আমিরাতে পাঠানোর সবুজ সংকেত দেয়া হয়। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফিস জানিয়েছেন, সোমবার সন্ধ্যায় দলের সাথে যোগ দিতে ঢাকা ছাড়বেন শান্ত।
অথচ এক দিন আগেও পরিস্থিতি এতটা পরিষ্কার ছিল না। প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন জানিয়েছিলেন, শান্ত সুস্থ হয়ে উঠলেও পাঁচ দিনের ম্যাচের ধকল সামলানোর মতো ফিটনেস ফিরে পেয়েছেন কি না, সেটি মেডিক্যাল টিম যাচাই করবে। তার ভাষায়, ‘সিদ্ধান্তটি আমাদের নয়। এটি মেডিক্যাল টিমের বিষয়।’
তবে অনিশ্চয়তা কাটিয়ে দলে ফিরলেও প্রস্তুতির ঘাটতি থাকছেই। অসুস্থতার কারণে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচে খেলতে পারেননি শান্ত। টেস্টের আগে ৭ ও ৮ অক্টোবর আবুধাবিতে দলের অনুশীলনেই নিজের ম্যাচ প্রস্তুতি ঝালিয়ে নেয়ার সুযোগ পাবেন তিনি।
এদিকে প্রস্তুতি ম্যাচের প্রথম দিনেই বাংলাদেশের ব্যাটিংয়ে দেখা গেছে ধস। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ২৩৪ রানে অলআউট হয়েছে দলটি। সাদমান ইসলাম ও সৌম্য সরকারের ১০৮ রানের উদ্বোধনী জুটির পর মাঝের সারিতে দ্রুত উইকেট হারায় বাংলাদেশ। সৌম্য করেন ৫৭, সাদমান ৪৬ রান।
এমন পরিস্থিতিতে শান্তর ফেরাটা বাংলাদেশের জন্য স্বস্তির খবর। অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেয়ার পাশাপাশি ব্যাটিংয়েও তার ওপর বড় দায়িত্ব। অসুস্থতা কাটিয়ে তিনি কতটা স্বাভাবিক ছন্দে ফিরতে পারেন, তার ওপরই অনেকটা নির্ভর করবে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ব্যাটিং পরিকল্পনা।
উল্লেখ্য, আগামী ৯ অক্টোবর আবুধাবির শেখ জায়েদ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান একমাত্র টেস্ট।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








