পাকিস্তান
অধিনায়কত্ব হারাতে পারেন সালমান আগা। ক্রিকইনফো

পাকিস্তানের ক্রিকেটে অধিনায়ক বদলের ধারাবাহিকতা যেন থামছেই না। এবার টি-টোয়েন্টি দলের নেতৃত্বেও আসতে পারে পরিবর্তন। সালমান আলি আগাকে সরিয়ে সাহিবজাদা ফারহানকে দায়িত্ব দেয়ার কথা ভাবছে পাকিস্তান ক্রিকেট বোর্ড—এমনই দাবি করেছে পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভি।

Advertisement

রোববার (৪ অক্টোবর) সূত্রের বরাত দিয়ে সামা টিভি জানিয়েছে, শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করতে পারেন ফারহান। তবে এখনো আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি।

শ্রীলঙ্কা সিরিজের দল নিয়েও পাকিস্তানে চলছে নানা হিসাব-নিকাশ। অভিজ্ঞ ব্যাটার বাবর আজম দলে ফিরতে পারেন। সম্ভাবনা আছে শাদাব খান, নাসিম শাহ ও ফখর জামানের ফেরারও।

অন্যদিকে এশিয়ান গেমসে অংশ নেয়া পাকিস্তান দলের কয়েকজন ক্রিকেটার জাতীয় দলে ফিরলেও সবাই জায়গা ধরে রাখতে পারবেন না বলে জানা গেছে। আহমেদ দানিয়াল, সাদ মাসুদ, হায়দার আলী ও ওয়াসিম জুনিয়র বাদ পড়তে পারেন। একইসাথে শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফের জায়গা নিয়েও অনিশ্চয়তা রয়েছে।

পাকিস্তানের টি-টোয়েন্টি দল সোমবার ঘোষণা হতে পারে। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের সিরিজের সব কটি ম্যাচই হবে রাওয়ালপিন্ডিতে—৯, ১১ ও ১৩ অক্টোবর।

ফলে দল ঘোষণার সাথে সাথে পাকিস্তানের টি-টোয়েন্টি নেতৃত্বে শেষ পর্যন্ত পরিবর্তন আসে কি না, সেটিও পরিষ্কার হয়ে যাবে।