
এশিয়ান গেমসে এবার প্রত্যাশার ধারেকাছেও যেতে পারেনি বাংলাদেশ। বিশেষ করে ক্রিকেটে ছিল পদকের বড় আশা, কিন্তু পূর্ণ শক্তির দল নিয়েও শেষ পর্যন্ত শূন্য হাতে ফিরতে হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের। এমন হতাশাজনক পারফরম্যান্সের কারণ খুঁজতে এবার মূল্যায়নের উদ্যোগ নিয়েছে সরকার।
এশিয়ান গেমসে অংশ নেয়া ফেডারেশনগুলোর পারফরম্যান্স পর্যালোচনায় কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
রোববার (৪ অক্টোবর) গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ব্যর্থতার প্রকৃত কারণ খুঁজে বের করে ভবিষ্যতের করণীয় নির্ধারণ করাই এই মূল্যায়নের লক্ষ্য।
বিশেষ করে ক্রিকেটে এবার বাংলাদেশের প্রত্যাশা ছিল সবচেয়ে বেশি। জাতীয় দলের খেলোয়াড়দের নিয়ে গড়া দলও সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি। সেমিফাইনালে পাকিস্তানের কাছে হারের পর ব্রোঞ্জের লড়াইয়ে শ্রীলঙ্কার কাছে ৬৩ রানে হেরে চতুর্থ হয়ে শেষ করতে হয়েছে লিটন দাসদের।
এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেটে অংশ নেয়ার পর এবারই প্রথম কোনো পদক ছাড়া ফিরল বাংলাদেশ। ২০১০ সালে আফগানিস্তানকে হারিয়ে স্বর্ণ জয়ের পর ২০১৪ ও ২০২৩ আসরে ব্রোঞ্জ জিতেছিল বাংলাদেশ। এবার সেই ধারাবাহিকতায় ছেদ পড়েছে।
অন্যদিকে বাংলাদেশ ফুটবল দলের এশিয়ান গেমসের ফল নিয়েও কথা বলেন ক্রীড়া প্রতিমন্ত্রী। ফল হতাশাজনক উল্লেখ করলেও এখনই সেটিকে বড় ব্যর্থতা হিসেবে দেখতে চান না তিনি। তার মতে, ফুটবল ফেডারেশন তাদের কার্যক্রম পর্যালোচনা করেই বর্তমান কোচ নিয়োগ দিয়েছে।
তবে মূল্যায়নের আওতায় শুধু ক্রিকেট আর ফুটবল থাকছে না। বাংলাদেশের যেসব খেলায় পদক জয়ের সম্ভাবনা বেশি, সেগুলো চিহ্নিত করে ভবিষ্যতে আরো গুরুত্ব দেয়ার কথা জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী।
আমিনুল হক বলেন, ‘প্রত্যেকটি ফেডারেশন থেকে তাদের যে খেলোয়াড়দের যে পারফরম্যান্স, তাদের যে সবকিছুর একটি মূল্যায়ন রিপোর্ট—সেটা আমরা পেলে তারপরে সার্বিক বিষয়গুলো আপনাদের সামনে আবারো তুলে ধরবো।’
তিনি আরো বলেন, ‘সরকারের বর্তমান লক্ষ্য কেবল কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করা নয়, বরং সরাসরি পদকের জন্য লড়াই করা। যেসব ইভেন্টে বাংলাদেশের পদক জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি, সেগুলোকে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে যথাযথ গুরুত্ব দিয়ে কাজ করা হবে।’
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








