
আসন্ন নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রতিনিধি দল।
শনিবার (৩ অক্টোবর) আইসিসির প্রতিনিধি দল সিলেটে পৌঁছালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী তাদের স্বাগত জানান। পরে প্রতিনিধি দল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করে।
পরিদর্শনকালে আইসিসির কর্মকর্তারা মাঠের অবস্থা, ড্রেসিংরুম, ডাগআউট, গ্যালারি, খেলোয়াড়দের সুযোগ-সুবিধাসহ আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের জন্য প্রয়োজনীয় বিভিন্ন অবকাঠামো ও সুবিধা পর্যবেক্ষণ করেন। এ সময় ডাগআউটের মাপ নেয়ার পাশাপাশি স্টেডিয়ামের বিভিন্ন স্থাপনা এবং আশপাশের নিরাপত্তাব্যবস্থাও খতিয়ে দেখেন তারা। সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন আইসিসির প্রতিনিধিরা।
বিসিবি পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, বিশ্বকাপ আয়োজনের জন্য সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম প্রস্তুত রয়েছে। তিনি বলেন, ‘বাংলাদেশের সবচেয়ে সুন্দর ক্রিকেট স্টেডিয়ামগুলোর একটি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। বিশ্বকাপ আয়োজনের জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি এখানে রয়েছে। স্টেডিয়ামটি বিশ্বকাপ আয়োজনের সব পরীক্ষায় উত্তীর্ণ হবে বলে আমরা আশা করছি।’
২০২৭ নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ ও নেপালের যৌথ আয়োজনে আগামী বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ১৬ দলের এই টুর্নামেন্ট চারটি গ্রুপে অনুষ্ঠিত হবে। এর মধ্যে দুই গ্রুপের খেলা বাংলাদেশে এবং দুই গ্রুপের খেলা নেপালে আয়োজনের পরিকল্পনা রয়েছে।
বাংলাদেশ পর্বের ম্যাচ সিলেটের পাশাপাশি চট্টগ্রামেও অনুষ্ঠিত হতে পারে। নকআউট পর্বের অধিকাংশ ম্যাচ বাংলাদেশে আয়োজনের পরিকল্পনা রয়েছে। স্বাগতিক হিসেবে বাংলাদেশ ও নেপাল সরাসরি টুর্নামেন্টে খেলার সুযোগ পাবে। এবারের আসরে বিসিবি সহ-আয়োজকের দায়িত্ব পালন করবে।
বিশ্বকাপের ম্যাচ আয়োজনের উপযোগিতা যাচাই করতেই আইসিসির প্রতিনিধি দল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করে। মাঠের খেলার উপযোগিতা, গ্যালারি, খেলোয়াড়দের সুযোগ-সুবিধা, বিভিন্ন অবকাঠামো ও নিরাপত্তাব্যবস্থাসহ আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করেন তারা।
এ সময় বিসিবি পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরী ছাড়াও বিসিবির কাউন্সিলর আশরাফ আরমান, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব সিদ্দিকুর রহমান পাপলু, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রেজাউল করিম নাচন, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জয়দীপ দাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আইসিসির প্রতিনিধি দলে ছিলেন বাংলাদেশের প্রধান পিচ কিউরেটর ও অস্ট্রেলিয়ান কিউরেটর টনি হেমিং, আইসিসির এশিয়া অঞ্চলের ফাইন্যান্স অ্যান্ড অপারেশনস অফিসার নীতিশা কথারি, অ্যান্টি-করাপশন ইউনিটের কর্মকর্তা দরিয়ান ক্লারেন্স, ক্রিকেট পিচ কিউরেটর ও ক্রীড়া মাঠ পরামর্শক টবি লামসডেন, এমি এলিজাবেথ গ্যারেট, পিযুশ পঙ্কজ প্রমুখ।
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








