ইমরুল কায়েস, এ বি ডিভিলিয়ার্স
ছবিতে ইমরুল কায়েস ও এ বি ডিভিলিয়ার্স। সংগৃহীত

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে (ডব্লিউসিএল) অভিষেকের অপেক্ষা আরো বাড়ল বাংলাদেশ চ্যাম্পিয়নসের। তৃতীয় আসরে পাকিস্তান চ্যাম্পিয়নসের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচটি নির্ধারিত সময়ে মাঠে গড়ায়নি। ম্যাচটি কারিগরি কারণে স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে আয়োজকরা।

Advertisement

শনিবার সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। তবে নির্ধারিত সময়ের আগেই ম্যাচ স্থগিতের ঘোষণা আসে। নতুন সময়সূচি কবে দেয়া হবে, তা জানানো হয়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ডব্লিউসিএলের পক্ষ থেকে জানানো হয়, ৩ অক্টোবরের পাকিস্তান চ্যাম্পিয়নস ও বাংলাদেশ চ্যাম্পিয়নসের ম্যাচটি কারিগরি কারণে স্থগিত করা হয়েছে। ম্যাচটি নিয়ে পরবর্তী আপডেট শীঘ্রই জানানো হবে।

তবে স্থগিতের নেপথ্যের কারণ নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। পাকিস্তান চ্যাম্পিয়নসের অংশ নেয়াকে ঘিরে জটিলতার কারণেই ম্যাচটি থেমে গেছে কিনা, তা নিয়ে আলোচনা চলছে। 

এর আগে টুর্নামেন্টের অধিনায়কদের ফটোসেশনে বাংলাদেশের ইমরুল কায়েস, দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স, ভারতের হরভজন সিং ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলকে দেখা গেলেও পাকিস্তানের কোনো প্রতিনিধি ছিলেন না।

ডব্লিউসিএলের তৃতীয় আসরে এবারই প্রথম অংশ নিচ্ছে বাংলাদেশ চ্যাম্পিয়নস। মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বে দলটিতে আছেন নাসির হোসেন, রুবেল হোসেন, ইমরুল কায়েস, রনি তালুকদারসহ অভিজ্ঞ বেশ কয়েকজন ক্রিকেটার।

সূচি অনুযায়ী, পাকিস্তানের বিপক্ষে ম্যাচ স্থগিত হলেও বাংলাদেশের পরবর্তী ম্যাচ ৫ অক্টোবর ইংল্যান্ড চ্যাম্পিয়নসের বিপক্ষে। এরপর ৭ অক্টোবর অস্ট্রেলিয়া, ৯ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজ, ১১ অক্টোবর ভারত ও ১৪ অক্টোবর দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়নসের বিপক্ষে খেলার কথা রয়েছে বাংলাদেশের।

বাংলাদেশ দল : মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), রুবেল হোসেন, ইমরুল কায়েস, রনি তালুকদার, নাসির হোসেন, আরাফাত সানী, কামরুল ইসলাম রাব্বী, জিয়াউর রহমান, এনামুল হক জুনিয়র, জহুরুল ইসলাম অমি, শুভাগত হোম, আবু জায়েদ চৌধুরী ও ফজলে মাহমুদ রাব্বী।