এশিয়ান গেমস
জয়ের পর উল্লাসিত ভারতের খেলোয়াড়ররা। নয়া দিগন্ত

এশিয়ান গেমসেও বদলালো না চিত্র। ভারত-পাকিস্তান দ্বৈরথে আবারো একই গল্প। শেষ হাসি ম্যান ইন ব্লুদের। নিশিনের করোগি স্পোর্টস পার্কে পাকিস্তানকে ১৯ রানে হারিয়ে পুরুষ ক্রিকেটে টানা দ্বিতীয়বারের মতো স্বর্ণপদক জিতেছে ভারত।

Advertisement

সোনার মঞ্চে পাকিস্তানের সামনে ২১২ রানের লক্ষ্য দিয়েছিল ভারত। জবাবে লড়াইটা শেষ পর্যন্ত জমিয়েও তুলেছিল পাকিস্তান। হাসান নওয়াজের ঝড়ো ব্যাটিংয়ে ম্যাচে ফিরেছিল তারা। কিন্তু শেষ দিকে আর পেরে ওঠেনি পাকিস্তান। 

২০ ওভারে ৬ উইকেটে ১৯২ রানেই থামে তাদের ইনিংস। তাতে ২০২৩ সালের পর ২০২৬ সালেও সোনার পদক উঠল ভারতের হাতেই। আর পাকিস্তানকে সন্তুষ্ট থাকতে হলো রুপার পদক নিয়ে।

শনিবার (৩ অক্টোবর) টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুতেই ঝড় তোলেন অভিষেক শর্মা। ২৮ বলে ৩ চার ৭ ছক্কায় করেন ৬১ রান। তার বিদায়ের পর মাঝের ওভারে কিছুটা গতি হারায় ভারত। শ্রেয়াস আওয়ার ২৪ বলে ২১ ও ১৮ বলে ২০ রান করেন ইশান কিষান।

তবে শেষ দিকে তিলক ভার্মা ও শিবম দুবের ব্যাটে আবারো রানের গতি বাড়ে। তিলক মাত্র ২২ বলে ৫১ রানে অপরাজিত থাকেন। দুবে করেন ১৫ বলে ২৭। শেষ চার ওভারে ৬৯ রান তুলে ভারত ৬ উইকেটে ২১১ রানের বড় সংগ্রহ দাঁড় করায়।

পাকিস্তানের হয়ে আরাফাত মিনহাস ও আহমেদ দানিয়াল ২টি করে উইকেট নেন।

জবাবে শুরুটা ভালো না হলেও ১৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ১২৬ রান তুলে ফেলে পাকিস্তান। ইনিংসের হাল ধরে রাখেন হাসান নাওয়াজ, মাত্র ৩৭ বলে ৯৬ রানের দুর্দান্ত ইনিংসে ৫টি চার ও ৭টি ছক্কা হাঁকান তিনি। 

তবে নাওয়াজ ঝড়ের পর পাকিস্তানকে জয়ের পথে রাখতে পারেনি আর কেউ। সাইম আইয়ুবের ২২ বলে ২৯ কেবল বলার মতো স্কোর। শেষ দিকে ৫ বলে অপরাজিত ১২ রান করেন সাদ মাসুদ।

ভারতের বোলাররা শেষ দিকে নিয়ন্ত্রণ ধরে রাখেন দারুণভাবে। অক্ষর প্যাটেল, শিবম দুবে ও ওয়াশিংটন সুন্দর নেন ২টি করে উইকেট। শেষ পর্যন্ত ১৯ রানের জয় নিয়ে টানা দ্বিতীয়বার স্বর্ণপদক নিশ্চিত করে ভারত।