
রাজত্ব হারালেন ক্রিস গেইল। তার ১৩ বছর ধরে অক্ষত থাকা রেকর্ড এবার ভেঙে গেল। হাতছাড়া হলো টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ব্যক্তিগত রানের কীর্তি। তাকে পেছনে ফেলেছেন দক্ষিণ আফ্রিকান তরুণ ব্যাটার লুয়ান-দ্রে প্রিটোরিয়াস।
টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ব্যক্তিগত রানের নতুন রেকর্ড গড়েছেন দ্রে প্রিটোরিয়াস। সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জে টাইটানসের হয়ে নাইটসের বিপক্ষে মাত্র ৭৯ বলে অপরাজিত ১৮৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন ২০ বছর বয়সী এই বাঁহাতি ওপেনার।
শুক্রবার (২ অক্টোবর) ম্যাঙ্গাউং ওভালে ১৫টি চার ও ১৩টি ছক্কার এই ইনিংসে প্রিটোরিয়াস ছাড়িয়ে যান গেইলকে। ২০১৩ সালে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে গেইলের করা ৬৬ বলে অপরাজিত ১৭৫ রান ছিল এতোদিন টি-টোয়েন্টিতে সেরা ইনিংস।
এদিন শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন প্রিটোরিয়াস। মাত্র ২৪ বলে ফিফটি পূর্ণ করার পর শতকে পৌঁছাতে খেলেছেন আরো ১৬ বল। ৫৮ বলেই ছুঁয়েছেন ১৫০ রানের মাইলফলক। শেষ পর্যন্ত ৭৯ বলে ১৮৮ রানে অপরাজিত থেকে থামেন তিনি।
তবে ডাবল সেঞ্চুরির ইতিহাস গড়া হয়নি তার। টি-টোয়েন্টিতে প্রথম পুরুষ ব্যাটার হিসেবে ২০০ রানের মাইলফলক ছোঁয়ার সুযোগ থেকে ১২ রান দূরে থেমেছেন প্রিটোরিয়াস।
তার ব্যাটে ভর করে ২০ ওভারে ৩ উইকেটে ২৬৭ রান তোলে টাইটানস। এটিও প্রতিযোগিতাটির ইতিহাসে দলটির দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ। ২০২২ সালে একই নাইটসের বিপক্ষেই ৩ উইকেটে ২৭১ রান করেছিল টাইটানস।
শুধু গেইলের রেকর্ডই নয়, টাইটানসের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ডও নিজের করে নিয়েছেন প্রিটোরিয়াস। এত দিন ২০২২ সালে নাইটসের বিপক্ষে ডেওয়াল্ড ব্রেভিসের ১৬২ রান ছিল দলটির সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ।
আন্তর্জাতিক ক্রিকেটেও সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ছন্দে আছেন প্রিটোরিয়াস। সেপ্টেম্বরে জিম্বাবুয়ে ও নামিবিয়ার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে দক্ষিণ আফ্রিকার হয়ে আগের দুই ম্যাচে তার ব্যাট থেকে এসেছে যথাক্রমে ৯৪ ও ১০১ রান।
এবার ঘরোয়া ক্রিকেটে গেইলের দীর্ঘদিনের রেকর্ড ভেঙে নিজের নামটিও লিখলেন টি-টোয়েন্টির ইতিহাসে।
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








