
প্রথম দুই ওয়ানডে জিতে ইতোমধ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ জয় নিশ্চিত করেছে ভারত। আগামীকাল শনিবার শেষ ম্যাচও জিতে ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ লক্ষ্য নিয়ে মাঠ নামবে টিম ইন্ডিয়া।
হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে শেষ ম্যাচে জয় ছাড়া অন্য কিছু ভাবছে না ওয়েস্ট ইন্ডিজ। চন্ডিগড়ে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে তৃতীয় ও শেষ ওয়ানডে।
থিরুভানান্থাপুরামে প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারায় ভারত। ওই ম্যাচে ভারতের জয়ে অবদান রাখেন অধিনায়ক শুভমান গিল ও বিরাট কোহলি। গিল ১১০ ও কোহলি অপরাজিত ১৩৯ রান করেন।
গুয়াহাটিতে দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের ছুঁড়ে দেয়া ৪০৬ রানের টার্গেট স্পর্শ করে ৮ উইকেটে জয়ে সিরিজ নিশ্চিত করে ভারত।
ওয়েস্ট ইন্ডিজের জন ক্যাম্পবেল ১০১, অধিনায়ক শাই হোপ ১০৪ ও আমির জাঙ্গু ১১৪ রান করেন। নিজেদের ওয়ানডে ইতিহাসে প্রথমবারের মতো ৪০০ রানের কোটা স্পর্শ করে ক্যারিবীয়রা।
জবাবে গিলের ডাবল-সেঞ্চুরি ও রোহিত শর্মার শতকে ৩৯ বল বাকি রেখেই জয় তুলে নেয় ভারত। গিল অপরাজিত ২২৩ ও রোহিত ১০১ রান করেন।
সিরিজ জয় নিশ্চিত হয়ে যাওয়ায়, এবার ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার লক্ষ্য ভারতের। গিল বলেন, ‘আমাদের প্রথম লক্ষ্য ছিল সিরিজ জয়। এবার আমাদের লক্ষ্য সিরিজের শেষ ম্যাচ জিতে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করা।’
শেষ ম্যাচ জিতে হোয়াইটওয়াশ এড়াতে চান ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ। তিনি বলেন, ‘প্রথম দুই ম্যাচে হারের দুঃস্মৃতি ভুলে আমরা শেষ ওয়ানডেতে জিততে চাই। হোয়াইটওয়াশ এড়াতে শেষ ম্যাচে জয়ের বিকল্প নেই।’
ওয়ানডেতে এখন পর্যন্ত ১৪৪ ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ। এরমধ্যে ভারত ৭৪ ম্যাচে ও ক্যারিবীয়রা ৬৪টিতে জিতেছে। ২টি টাই ও ৪টি পরিত্যক্ত হয়।
ভারত দল : শুভমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, ঋুতুরাজ গায়কোয়াড়, লোকেশ রাহুল, ধ্রুব জুরেল, নীতিশ কুমার রেড্ডি, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, গুরনুর ব্রার, মোহাম্মদ সিরাজ, আকিব নবী, অংশুল কম্বোজ, যশস্বী জয়সওয়াল ও নামান ধীর।
ওয়েস্ট ইন্ডিজ দল : শাই হোপ (অধিনায়ক), জুয়েল অ্যান্ড্রু, জন ক্যাম্পবেল, কেসি কার্টি, রোস্টন চেজ, ম্যাথু ফোর্ড, জাস্টিন গ্রেভস, আমির জ্যাঙ্গু, আলজারি জোসেফ, শামার জোসেফ, ভিটেল লস, গুদাকেশ মোতি, কিমো পল, শেরফানে রাদারফোর্ড ও জেইডেন সিলেস।
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








