ক্রিকেট
ইংল্যান্ড দল। ফাইল ছবি

ব্যাটার জশ বাটলার ও পেসার জোফরা আর্চারকে ছাড়াই পাকিস্তানের মাটিতে শ্রীলঙ্কাকে নিয়ে আসন্ন ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। 

Advertisement

সদ্য ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন বাটলার। এজন্য তৃতীয় ও শেষ ম্যাচে খেলতে পারেননি তিনি। 

ইনজুরির কারণে ত্রিদেশীয় সিরিজের দলে রাখা হয়নি বাটলারকে।

ইনজুরি সমস্যা না থাকলেও বিশ্রাম দেয়া হয়েছে আর্চারকে। ঘরের মাঠে গত আগস্ট থেকে পাকিস্তানের বিপক্ষে টেস্ট, শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলেছেন তিনি। কাজের চাপ বিবেচনায় বিশ্রাম পেয়েছেন আর্চার।  

ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন স্পিনার আদিল রশিদ ও পেস বোলিং অলরাউন্ডার স্যাম কারান। 

ঘরোয়া ক্রিকেটে গ্ল্যামরগনের হয়ে দুর্দান্ত পারফরমেন্সে দীর্ঘ আট বছর পর আবারো ইংল্যান্ড দলে ফিরেছেন লেগ স্পিনার ম্যাসন ক্রেইন। ২০১৭ সালে অভিষেকের পর পরের বছর সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন তিনি। দেশের হয়ে ১টি টেস্ট ও ২টি ওয়ানডে খেলেছেন ক্রেইন।
 
১৭ অক্টোবর থেকে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। ১৯ ও ২৪ অক্টোবর পাকিস্তান এবং ২১ ও ২৮ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে ইংল্যান্ড। 

টুর্নামেন্টের ফাইনালে উঠলে ৩০ অক্টোবরও শিরোপা জয়ের লড়াইয়ে মাঠে নামবে ইংলিশরা। 

ইংল্যান্ড ওয়ানডে দল : হ্যারি ব্রুক (অধিনায়ক), গাস অ্যাটকিনসন, সনি বেকার, টম ব্যান্টন, জেমস কোলস, জর্ডান কক্স, ম্যাসন ক্রেইন, হেনরি ক্রকম্ব, স্যাম কারান, লিয়াম ডসন, বেন ডাকেট, উইল জ্যাকস, জেমি ওভারটন, আদিল রশিদ, জো রুট, জশ টাং।