আবুধাবি টি-টেন লিগে দল পেয়েছেন শেখ মেহেদী হাসান এবং নুরুল হাসান সোহান
আবুধাবি টি-টেন লিগে দল পেয়েছেন শেখ মেহেদী হাসান এবং নুরুল হাসান সোহান। সংগৃহীত

আবুধাবি টি-টেনের আগামী আসরে একই দলের হয়ে খেলবেন বাংলাদেশের চার ক্রিকেটার। ড্রাফট থেকে নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, হাবিবুর রহমান সোহান ও শামীম হোসেনকে দলে নিয়েছে ইউনাইটেড টাইগার্স। 

Advertisement

৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত খেলোয়াড় ড্রাফটে প্রথমে ‘বি’ ক্যাটাগরি থেকে সোহান ও মেহেদীকে দলে নেয় ইউনাইটেড টাইগার্স। সপ্তম রাউন্ডে সোহান ও অষ্টম রাউন্ডে মাহেদীকে বেছে নেয় ফ্র্যাঞ্চাইজিটি। এরপর ‘সি’ ক্যাটাগরি থেকে নবম রাউন্ডে হাবিবুর রহমান ও ১১তম রাউন্ডে শামীমকে দলে নেয় তারা। 

ড্রাফট শেষে বাংলাদেশের আর কোনো ক্রিকেটার দল পাননি। ফলে এবারের আবুধাবি টি-টেনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন এই চারজনই। তাদের মাঝে নুরুল হাসান সোহান বাংলাদেশের ওয়ানডে দলের বর্তমান সেটআপেরও অংশ। 

চার বাংলাদেশীকে নিয়ে সাজানো ইউনাইটেড টাইগার্সের দলে আছেন পাকিস্তানের ফখর জামান, ইফতিখার আহমেদ ও ফাহিম আশরাফও। ড্রাফট থেকে দলটি আজমতউল্লাহ ওমরজাই, আব্বাস আফ্রিদি ও সুফিয়ান মুকিমসহ আরো কয়েকজন ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে। 

এবারের আবুধাবি টি-টেনে অংশ নেবে ছয়টি দল অ্যারাবিয়ান এইসেস, এমিরেটস ঈগলস, রয়্যাল ডেজার্ট চ্যাম্পিয়নস, ইউএই বুলস, ইউনাইটেড টাইগার্স ও ইয়াস লায়ন্স। ছয় ফ্র্যাঞ্চাইজিই ড্রাফটের মাধ্যমে নিজেদের দল চূড়ান্ত করেছে। 

আগামী ৭ নভেম্বর শুরু হবে আবুধাবি টি-টেনের ২০২৬ আসর। ২০ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে টুর্নামেন্ট। সব ম্যাচ অনুষ্ঠিত হবে আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে।