আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সংগৃহীত

ক্রিকেটে সময় নষ্টের শাস্তি এবার আরো কঠোর করল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। কোনো ব্যাটসম্যান সময়ক্ষেপন করলে ৫ রান জরিমানা করা হবে তার দলকে, যা দেয়া হবে ফিল্ডিং দলকে।

Advertisement

আইসিসির নতুন নিয়মে বোলার রানআপ শুরুর পর্যায়ে পৌঁছানোর সময় ব্যাটারকে পরের বলের জন্য প্রস্তুত থাকতে হবে। অকারণে দেরি করলে সেটি সময় নষ্টের অপরাধ হিসেবে বিবেচিত হবে।

নির্ধারিত সময়ে বল মোকাবিলার জন্য প্রস্তুত না হলে প্রথমবার সতর্ক করা হবে ব্যাটারকে। দ্বিতীয়বার দেয়া হবে শেষ সতর্কবার্তা। এরপর আবার একই অপরাধ করলে ফিল্ডিং দল পাবে ৫ রান। তৃতীয়বারের পর প্রতিটি অপরাধেই যোগ হবে এই ৫ রান।

১ অক্টোবর বা তার পর শুরু হওয়া আন্তর্জাতিক সিরিজ থেকেই নতুন নিয়ম কার্যকর হয়েছে। তবে এর আগে শুরু হওয়া সিরিজে আগের নিয়মই থাকবে।

নতুন ব্যাটারদের জন্যও নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছে আইসিসি। উইকেট পড়ার পর মাঠে আসা ব্যাটারকে দুই মিনিটের মাঝে প্রথম বল মোকাবিলার জন্য প্রস্তুত হতে হবে। তা না হলে টাইমড আউট হওয়ার বিধান প্রযোজ্য হতে পারে।

টেস্টে ক্রিকেটে এ সতর্কবার্তার হিসাব আবার নতুন করে শুরু হবে প্রতি ৮০ ওভার পর। অর্থাৎ প্রথম ৮০ ওভারে পাওয়া সতর্কবার্তা পরের ৮০ ওভারে আর বহাল থাকবে না।

সময় নষ্টের শাস্তির পাশাপাশি আরো কয়েকটি নিয়মেও পরিবর্তন এনেছে আইসিসি। নারী ও জুনিয়র ক্রিকেটে ব্যবহৃত বলের আকার ও ওজনের জন্য পৃথক মান নির্ধারণ করা হয়েছে। টেস্টে দিনের বেলায় গোলাপি বল ব্যবহারের সুযোগও পরীক্ষামূলকভাবে রাখা হয়েছে।

রানআউট ও স্টাম্পিংয়ের ক্ষেত্রেও নিয়ম পরিষ্কার করা হয়েছে। উইকেট ভাঙার সময় ফিল্ডারের বলের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকতে হবে। শুধু বল ছুঁয়ে একই সাথে উইকেট ভাঙলে সেটিকে বৈধ আউট হিসেবে গণ্য করা হবে না।

এছাড়া দিনের শেষ ওভারে উইকেট পড়লেই স্বয়ংক্রিয়ভাবে দিনের খেলা শেষ হবে না। পরিস্থিতি অনুকূলে থাকলে শেষ ওভারের বাকি বলগুলোও সেদিন করা যাবে।