বাংলাদেশ দল
বাংলাদেশ দল। সংগৃহীত

দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠেয় ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের গ্রুপিং ও সূচি প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। 

Advertisement

বৃহস্পতিবার (১ অক্টোবর) কেপটাউনে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে বিশ্বকাপের সূচি। মোট ১৪টি দল অংশ নিলেও মূল গ্রুপ পর্বে খেলবে ১২টি দল।

বাংলাদেশ জায়গা পেয়েছে গ্রুপ বি-তে। এই গ্রুপে বাংলাদেশের সাথে রয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। গ্রুপের ষষ্ঠ দলটি আসবে বাছাইপর্ব থেকে। অন্যদিকে গ্রুপ এতে রয়েছে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও সহস্বাগতিক জিম্বাবুয়ে। এই গ্রুপেও বাছাইপর্ব থেকে একটি দল যোগ দেবে।

বিশ্বকাপে সরাসরি জায়গা নিশ্চিত করেছে ১০টি দল। দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে স্বাগতিক হিসেবে সরাসরি জায়গা পেয়েছে। এর সাথে ৩০ সেপ্টেম্বর ২০২৬-এর আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের সেরা আট দলও সরাসরি বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে। বাকি চারটি দল আসবে বাছাইপর্ব থেকে।

বাছাইপর্বের শীর্ষ দল সরাসরি মূল গ্রুপ পর্বে জায়গা পাবে। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ হওয়া তিন দল খেলবে সুপার সিরিজে। ২, ৪ ও ৬ অক্টোবর নামিবিয়ার উইন্ডহোকে হবে এই তিন দলের লিগ পর্ব। সেখান থেকে শীর্ষ দলটিও পাবে গ্রুপ পর্বে খেলার সুযোগ।

ফলে ১০ সরাসরি দল, বাছাইপর্বের শীর্ষ দল এবং সুপার সিরিজের শীর্ষ দল—মোট ১২ দল যাবে মূল গ্রুপ পর্বে। বাকি দুই দল বিশ্বকাপের মূল গ্রুপ পর্বে খেলবে না। তারা মূল আনুষ্ঠানিকতা শুরুর আগেই বিদায় নেবে।

মূল গ্রুপ পর্বে দুই গ্রুপে ছয়টি করে দল থাকবে। প্রতিটি দল নিজেদের গ্রুপের অন্য পাঁচ দলের বিপক্ষে খেলবে। এরপর দুই গ্রুপের শীর্ষ তিনটি করে দল এবং দুই গ্রুপের চতুর্থ স্থানে থাকা দলের মধ্যে সেরা দল—মোট সাত দল যাবে সুপার সেভেন পর্বে। এই পর্বে গ্রুপ পর্বের কোনো পয়েন্ট বহন করা হবে না।

সুপার সেভেনে সাত দল রাউন্ড রবিন পদ্ধতিতে খেলবে। পয়েন্ট তালিকার শীর্ষ চার দল উঠবে সেমিফাইনালে। সেখানে প্রথম স্থানে থাকা দল খেলবে চতুর্থ স্থানে থাকা দলের বিপক্ষে। দ্বিতীয় স্থানে থাকা দল মুখোমুখি হবে তৃতীয় স্থানে থাকা দলের। দুই সেমিফাইনালের জয়ী দল খেলবে ফাইনালে।

বিশ্বকাপের মূল গ্রুপ পর্ব শুরু হবে ৭ অক্টোবর ২০২৭। উদ্বোধনী ম্যাচে কেপটাউনে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও ২০২৩ বিশ্বকাপের রানার্সআপ ভারত। বাংলাদেশের প্রথম ম্যাচ ৮ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে, উইন্ডহোকে। আর ভারত-পাকিস্তানের ম্যাচটি হবে ১০ অক্টোবর জোহানেসবার্গে।

টুর্নামেন্টের ফাইনাল হবে ২১ নভেম্বর ২০২৭, জোহানেসবার্গে। সব মিলিয়ে ১৪ দলের এই বিশ্বকাপে হবে ৫৭টি ম্যাচ। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার ১২টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো।

একনজরে বিশ্বকাপের গ্রুপিং

গ্রুপ এ: ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তান, আফগানিস্তান, জিম্বাবুয়ে ও কোয়ালিফায়ার।

গ্রুপ বি: নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, বাংলাদেশ ও কোয়ালিফায়ার। বাসস