
এশিয়ান গেমসের ক্রিকেটে বৃষ্টি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। একের পর এক ম্যাচ পরিত্যক্ত হওয়ায় মাঠের লড়াইয়ের বদলে র্যাঙ্কিং ও রেটিংয়ের হিসাবেই নির্ধারিত হচ্ছে পরের পর্বের দল। এমন পরিস্থিতিতে কাল ভোরেই পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালে নামবে বাংলাদেশ। ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেলে কঠিন সমীকরণের মুখে পড়বে বাংলাদেশ।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর ৬টায় শুরু হওয়ার কথা বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল। একই দিনে অপর সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা। মজার বিষয়, চার সেমিফাইনালিস্টের কেউই কোয়ার্টার ফাইনালে মাঠে নামতে পারেনি। বৃষ্টিতে সবগুলো ম্যাচ পরিত্যক্ত হওয়ায় র্যাঙ্কিং ও রেটিংয়ের ভিত্তিতে সেমিফাইনালে উঠেছে চার দল।
বাংলাদেশের সামনে এখন মূল সমীকরণ একটাই—খেলা হলে পাকিস্তানকে হারাতে হবে। জয় পেলেই ফাইনালে উঠে স্বর্ণ বা রৌপ্য পদকের লড়াই নিশ্চিত করবে বাংলাদেশ।
তবে বৃষ্টি হলে হিসাবটা বদলে যাবে। সেমিফাইনাল পরিত্যক্ত হলে নেট রানরেট বা মাঠের ফল নয়, র্যাঙ্কিং-রেটিং বিবেচনায় নেয়া হবে। আর সেখানেই বাংলাদেশের চেয়ে এগিয়ে পাকিস্তান। বর্তমান টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে পাকিস্তান ষষ্ঠ ও বাংলাদেশ অষ্টম। ফলে ম্যাচটি না হলে পাকিস্তান ফাইনালে যাবে, আর বাংলাদেশকে খেলতে হবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ।
বাংলাদেশের জন্য স্বস্তির জায়গা হলো, অপর সেমিফাইনালের ফলও এই সমীকরণে গুরুত্বপূর্ণ। ভারত-শ্রীলঙ্কা ম্যাচও বৃষ্টিতে পরিত্যক্ত হলে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা ভারত ফাইনালে যাবে। তখন শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যে ব্রোঞ্জ পদকের লড়াই হওয়ার কথা। সেই ম্যাচও পরিত্যক্ত হলে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দল হিসেবে বাংলাদেশ ব্রোঞ্জ পাবে।
অর্থাৎ, বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল বৃষ্টিতে ভেসে গেলে ফাইনালের দরজা বন্ধ হয়ে যাবে বাংলাদেশের জন্য। তবে অপর সেমিফাইনালও পরিত্যক্ত হলে এবং পরবর্তী তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও খেলা না হলে র্যাঙ্কিংয়ের কারণে ব্রোঞ্জ পাওয়ার সুযোগ থাকবে বাংলাদেশের।
তাই বাংলাদেশের জন্য সবচেয়ে পরিষ্কার সমীকরণ—খেলা হলে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠতে হবে। আর বৃষ্টি বাধা হয়ে দাঁড়ালে তাকিয়ে থাকতে হবে ভারত-শ্রীলঙ্কা সেমিফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের দিকে।
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








