ক্রিকেট
বাংলাদেশ দল। ফাইল ছবি

টানা তিন দিন বৃষ্টির পর অবশেষে নাগোয়ার আকাশ আজ ছিল সূর্যের আলোয় ঝলমলে। আর তাতেই স্বস্তি মিলেছে বাংলাদেশ শিবিরে। কাল বৃহস্পতিবার সেমিফাইনালে পাকিস্তানকে মোকাবেলা করতে পুরোপুরি প্রস্তুত লিটন দাসের দল।

Advertisement

শুক্রবার জাপানে এলেও এখনো পর্যন্ত মাঠে নামা হয়নি বাংলাদেশ ক্রিকেট দলের। মালয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ম্যাচ বৃষ্টির কারণে মাঠে গড়ায়নি। শঙ্কা ছিল কালকের সেমিফাইনাল নিয়েও। তবে আজ সকাল থেকে আবহাওয়া ভালো হওয়ায় চার দিন পর পূর্ণাঙ্গ অনুশীলন করেছে বাংলাদেশ দল।

অনুশীলন শেষে সেই স্বস্তির কথাই জানিয়েছেন ইয়াসির আলী রাব্বি।

কোরোগি স্পোর্টস পার্কে অনুশীলন শেষে রাব্বি বলেন, ‘দেখেন, এখানে আসার পর বৃষ্টির কারণে আমরা ঠিকঠাক অনুশীলন করতে পারিনি। ম্যাচটাও খেলতে পারিনি। তবে আজকের আবহাওয়া দেখে ভালো লাগছে। এখানে আজই প্রথম রোদ দেখলাম। আশা করি কালকেও ভালো একটা আবহাওয়া পাব। ভালো একটা ম্যাচ হবে আশা করছি।’

এর মধ্যে অসুস্থতার কারণে স্কোয়াড থেকে ছিটকে গেছেন বাংলাদেশ দলের সিনিয়র ব্যাটার নাজমুল হোসেন শান্ত। তার অনুপস্থিতি নিয়ে রাব্বি বলেন, ‘এটা আনফরচুনেট, ওকে চলে যেতে হয়েছে। আমাদের সামনে এগোতে হবে। ব্যাটিং অর্ডার যা আছে, আমাদের এগিয়ে যেতে হবে।’

বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল এখনো জাপানে কোনো ম্যাচ খেলতে পারেনি। ক্রিকেটে উইকেটের ভূমিকা গুরুত্বপূর্ণ। আজ অনুশীলনের আগে উইকেট দেখে রাব্বির মনে হয়েছে, সেটি ভালোই আছে। ‘উইকেট দেখেছি, ভালোই। আশা করি ভালো উইকেটেই আমরা খেলব।’

আগামীকাল বাংলাদেশ সময় ভোর ৬টায় পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। সকাল ১০.৩০ মিনিটে দ্বিতীয় সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।