
বিশ্বকাপ জয়ের পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে অস্ট্রেলিয়া নারী দল। ঘরের মাঠে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন দুই সিরিজের জন্য ১৪ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচন প্যানেল।
বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়েই শুরু হবে অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অভিযান। ৯, ১১ ও ১৪ অক্টোবর ব্রিসবেনের অ্যালান বর্ডার ফিল্ডে হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অংশ এই তিন ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৯টা ৫০ মিনিটে।
এরপর উত্তর সিডনি ওভালে ১৮, ২০ ও ২২ অক্টোবর নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। আগামী বছরের ফেব্রুয়ারিতে ভারতে অনুষ্ঠেয় প্রথম আইসিসি উইমেনস চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতির দিক থেকেও সিরিজটি গুরুত্বপূর্ণ।
দল ঘোষণার পর অস্ট্রেলিয়া শিবিরে অবশ্য চোটের চিন্তাও আছে। হিপের চোট থাকা সত্ত্বেও অধিনায়ক সোফি মোলিনাক্সকে রাখা হয়েছে দুই সংস্করণের দলেই। তবে সিরিজে তার খেলা নির্ভর করবে ফিটনেস পরীক্ষার ওপর।
পিঠের চোটের কারণে দলে নেই পেসার ডার্সি ব্রাউন। ঊরুর চোটে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন অলরাউন্ডার লুসি হ্যামিল্টন। তবে টি-টোয়েন্টি সিরিজে তাকে পাওয়ার আশা করছে অস্ট্রেলিয়া। দলে জায়গা হয়নি অলরাউন্ডার গ্রেস হ্যারিসেরও।
অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচক শন ফ্লেগলার বাংলাদেশের বোলিং আক্রমণের প্রশংসা করে বলেন, বিশ্বকাপের পরের ছয় ম্যাচ দলের জন্য বড় চ্যালেঞ্জ হবে। বিশেষ করে উপমহাদেশীয় ঘরানার বোলিংয়ের বিপক্ষে নিজেদের ব্যাটিং আরও ভালোভাবে যাচাই করার সুযোগ দেখছেন তারা।
অস্ট্রেলিয়া দল
সোফি মোলিনাক্স (অধিনায়ক), অ্যাশলেই গার্ডনার, তাহলিয়া ম্যাকগ্রা, নিকোলা কেরি, কিম গার্থ, লুসি হ্যামিল্টন, এলিস পেরি, অ্যালানা কিং, ফোবি লিচফিল্ড, বেথ মুনি, মেগান শুট, অ্যানাবেল সাদারল্যান্ড, জর্জিয়া ভল ও জর্জিয়া ওয়ারহাম।
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








