ক্রিকেট
পাকিস্তানকে হারাতে পারলে ফাইনালে ভারতের মুখোমুখি হতে পারে বাংলাদেশ। ফাইল ছবি

এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটে বৃষ্টি বারবার বাধা হয়ে দাঁড়াচ্ছে। চারটি কোয়ার্টার ফাইনালের একটিও গড়ায়নি মাঠে। এমতাবস্থায় কোনো ম্যাচ না খেলেই সেমিফাইনালে উঠেছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশ। 

Advertisement

এবার শেষ চারের ম্যাচ দুটিতেও বৃষ্টির শঙ্কা। তবে সেমিফাইনালের মতো ফাইনালের ক্ষেত্রে ফল নির্ধারণের নিয়ম আলাদা—বৃষ্টিতে শিরোপার ম্যাচ পরিত্যক্ত হলে এবার র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে এককভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে না।

কোয়ার্টার ফাইনালে ভারত-আফগানিস্তান, পাকিস্তান-হংকং, শ্রীলঙ্কা-নেপাল এবং বাংলাদেশ-মালয়েশিয়ার ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় সেমিফাইনালে জায়গা করে নেয় ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশ। 

আগামী বৃহস্পতিবার প্রথম সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। অন্য সেমিফাইনালে খেলবে ভারত ও শ্রীলঙ্কা। তবে সেমিফাইনালের আগে ক্রিকেট পাড়ায় প্রশ্ন, যদি বৃষ্টি বাধা হয়ে ম্যাচ পরিত্যক্ত হয়, তাহলে কী হবে?

উত্তর জানা গেছে। বৃষ্টিতে খেলা না হলে র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতেই নির্ধারিত হবে ফাইনালিস্ট। বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ পরিত্যক্ত হলে র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা পাকিস্তান ফাইনালে উঠবে। একইভাবে ভারত-শ্রীলঙ্কা ম্যাচ পরিত্যক্ত হলে ফাইনালে যাবে ভারত।

কিন্তু ফাইনালের নিয়ম এবার বদলে গেছে। শনিবারের শিরোপা নির্ধারণী ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হলে দুই ফাইনালিস্টকেই যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। অর্থাৎ দুই দলই স্বর্ণপদক পাবে।

ফলে বাংলাদেশের সামনে একটি বিশেষ সমীকরণও তৈরি হয়েছে। পাকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠতে পারলে এবং সেখানে ভারতের মুখোমুখি হয়ে ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হলে বাংলাদেশ ও ভারত যৌথভাবে এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটে চ্যাম্পিয়ন হবে।

২০২৩ সালের হাংঝু এশিয়ান গেমসে অবশ্য নিয়মটি ছিল ভিন্ন। ভারত ও আফগানিস্তানের ফাইনাল বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পর র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় ভারতকে এককভাবে স্বর্ণপদক দেয়া হয়েছিল।

এবার সেই নিয়ম পরিবর্তন হওয়ায় ফাইনাল না হলেও দুই দলের হাতেই উঠতে পারে স্বর্ণপদক। তবে সেই সমীকরণে যেতে হলে আগে পাকিস্তানের বাধা পেরোতে হবে বাংলাদেশকে।