ক্রিকেট
বাংলাদেশ ক্রিকেট দল। ফাইল ছবি

এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেটের চারটি কোয়ার্টার ফাইনালই ভেস্তে গেল। ফলে কোনো ম্যাচ না খেলেই চারটি দল উঠেছে সেমিফাইনালে। সেখানে কে, কার বিরুদ্ধে খেলবে চূড়ান্ত হয়ে গেছে তা-ও।

Advertisement

সোমবার ভারত বনাম আফগানিস্তান ও পাকিস্তান বনাম হংকং ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়। আইসিসি র‌্যাঙ্কিংয়ে উপরে থাকায় ভারত ও পাকিস্তান সেমিফাইনালে ওঠে। মঙ্গলবার বাংলাদেশ বনাম মালয়েশিয়া ও শ্রীলঙ্কা বনাম নেপাল ম্যাচও ভেস্তে গেছে।

র‌্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কা নয় নম্বরে রয়েছে। নেপাল ১৪ নম্বরে। ফলে শ্রীলঙ্কা উঠেছে সেমিফাইনালে। ঠিক একই নিয়মে বাংলাদেশও শেষ চারে জায়গা করে নিয়েছে।

সেমিফাইনালে ভারতের বিপক্ষে নামবে শ্রীলঙ্কা। নারীদের ক্রিকেটে ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে স্বর্ণ জিতেছেন হরমনপ্রীত কৌররা। এবার শ্রেয়াস আইয়াররা সেমিফাইনালেই শ্রীলঙ্কার মুখোমুখি হবেন। অপর সেমিফাইনালে পাকিস্তানের সামনে বাংলাদেশ। দু’টি খেলাই হবে বৃহস্পতিবার।

এবারের এশিয়ান গেমসে নারীদের ক্রিকেটের সময় বৃষ্টি ব্যাঘাত ঘটায়নি। কিন্তু পুরুষদের ক্রিকেটে শুরু থেকেই বৃষ্টির প্রভাব পড়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত টানা বৃষ্টি হওয়ার কথা। ফলে সেমিফাইনালেও বৃষ্টি ব্যাঘাত ঘটাতে পারে। যদি চারটি কোয়ার্টার ফাইনালের মতো দু’টি সেমিফাইনালও ভেস্তে যায়, তা হলে ভারত ও পাকিস্তান না খেলেই ফাইনালে উঠবে।