
ঘরোয়া ক্রিকেটে নতুন প্রাণ ফেরাতে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক তিন সংস্করণের টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগামী ডিসেম্বরে এনসিএল টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে এই আয়োজন। এরপর ২০২৭ সালের জানুয়ারিতে চার দিনের বিসিএল ও মে মাসে হবে ৫০ ওভারের টুর্নামেন্ট।
ডমেস্টিক থ্রির খেলোয়াড় নিলাম হবে আগামী ২৬ অক্টোবর। তার আগে মিরপুরে চলছে ম্যানেজমেন্ট ড্রাফট। এই ড্রাফটের মাধ্যমে ছয় ফ্র্যাঞ্চাইজি প্রধান কোচ, সহকারী কোচ, ফিজিওথেরাপিস্টসহ টিম ম্যানেজমেন্টের সদস্য বেছে নিচ্ছে।
লটারির মাধ্যমে প্রধান কোচ হিসেবে মোহাম্মদ সালাহউদ্দিনকে পেয়েছে ফরচুন। তার সহকারী হিসেবে থাকবেন মোহাম্মদ আশরাফুল ও আব্দুল করিম জুয়েল। এইস ব্লুস্টারের প্রধান কোচ হয়েছেন সোহেল ইসলাম। তার সহকারী হিসেবে থাকবেন সালাহউদ্দিন উজ্জ্বল ও আশিকুর রহমান।
একমি প্রধান কোচ হিসেবে নিয়েছে রাজিন সালেহকে। তার সহকারী হিসেবে থাকবেন তারেক আজিজ খান ও ফয়সাল হোসেন ডিকেন্স। সিটিজেন ব্যাংকের প্রধান কোচ মিজানুর রহমান বাবুল। তার সাথে কাজ করবেন নাজমুল হোসেন ও মোহাম্মদ সেলিম।
সেভেন রিংস সিমেন্টের প্রধান কোচ হয়েছেন তালহা জুবায়ের। তার সহকারী হিসেবে থাকবেন হান্নান সরকার ও হুমায়ন কবির শাহিন। আর ওয়ালটনের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন আব্দুর রাজ্জাক। সাবেক বাঁহাতি স্পিনারের সহকারী হিসেবে থাকবেন তুষার ইমরান ও ডলার মাহমুদ।
ছয় দলের ফিজিওথেরাপিস্টও চূড়ান্ত হয়েছে। ফরচুনে বায়েজিদুল ইসলাম খান, ওয়ালটনে এনামুল হক, সেভেন রিংস সিমেন্টে দেলোয়ার হোসেন, এইস ব্লুস্টারে জয় বিশ্বাস, একমিতে আবু রেজা মোহাম্মদ শরিফুল ও সিটিজেন ব্যাংকে খায়রুল ইসলাম দায়িত্ব পালন করবেন।









